IPL 2026

নজিরের সামনে কোহলি-সহ নয় ক্রিকেটার, এ বারের আইপিএলে কারা কোন কীর্তি গড়তে পারেন

প্রতি বার আইপিএলেই নানা নজির তৈরি হয়। একাধিক ক্রিকেটার রেকর্ড গড়েন বা মাইলফলক স্পর্শ করেন। এ বার প্রতিযোগিতা শুরুর আগেই নয় ক্রিকেটার ১০টি নজিরের সামনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৭:২৪
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

ন’জন ক্রিকেটার এ বারের আইপিএলে নজিরের সামনে রয়েছেন। বিরাট কোহলি একাই দু’টি মাইলফলক স্পর্শ করতে পারেন। শুভমন গিল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, সুনীল নারাইনদের সামনেও নজির গড়ার সুযোগ রয়েছে।

Advertisement

৩৩৯ রান: কোহলির দরকার আর ৩৩৯ রান। তা হলেই আইপিএলে নজির তৈরি করবেন। প্রথম ব্যাটার হিসাবে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি।

৯টি ছয়: এ বারের আইপিএলে ৯টি ছক্কা মারলে আর একটি মাইলফলক স্পর্শ করবেন কোহলি। আইপিএলে তাঁর ছক্কার সংখ্যা হবে ৩০০। তৃতীয় ব্যাটার হিসাবে এই নজির গড়বেন। ক্রিস গেল (৩৫৭টি) এবং রোহিত শর্মা (৩০২টি) আগে এই মাইলফলক স্পর্শ করেছেন।

Advertisement

৭টি ছয়: জস বাটলারের প্রয়োজন আর সাতটি ছক্কা। তা হলে টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের ছক্কার সংখ্যা হবে ৬০০টি। চার জন ক্রিকেটারের এমন নজির রয়েছে। তাঁরা হলেন গেল (১০৫৬টি), কায়রন পোলার্ড (৯৮২টি), আন্দ্রে রাসেল (৭৮৪টি) এবং নিকোলাস পুরান (৭১২টি)।

২৯৬ রান: আইপিএলে আর ২৯৬ রান করলে একটি মাইলফলক স্পর্শ করবেন সঞ্জু। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক আইপিএলে ৫০০০ রান পূর্ণ করবেন।

২৯৩ রান: মাইলফলকের সামনে রয়েছেন সূর্যও। তাঁর দরকার আর ২৯৩ রান। তা হলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ৪০০০ রান পূর্ণ হবে ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের। রোহিত ছাড়া কারও এই কৃতিত্ব নেই। রোহিত মুম্বইয়ের হয়ে আইপিএলে ৫৮৭৬ রান করেছেন।

১৩৪ রান: শুভমনকে আর ১৩৪ রান করতে হবে। তা হলে ভারতের টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ক আইপিএলে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন।

২ উইকেট: আইপিএলে আর ২টি উইকেট নিলে নজির গড়বেন ভুবনেশ্বর কুমার। প্রথম জোরে বোলার হিসাবে আইপিএলে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন তিনি।

৮ উইকেট: নজিরের সামনে রয়েছেন নারাইন। তাঁর প্রয়োজন ৮ উইকেট। তা হলে কলকাতা নাইট রাইডার্সের অভিজ্ঞ ক্রিকেটার আইপিএলে ২০০ উইকেট পূর্ণ করবেন। দ্বিতীয় স্পিনার হিসাবে এই কীর্তি গড়বেন তিনি। প্রথম বোলার হিসাবে আইপিএলে ২০০ উইকেট নেওয়ার নজির রয়েছে যুজবেন্দ্র চহালের।

৩ উইকেট: পঞ্জাব কিংসের অর্শদীপের দরকার ৩ উইকেট। তা হলে পঞ্চম বাঁহাতি জোরে বোলার হিসাবে আইপিএলে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি। আগের চার জন হলেন ট্রেন্ট বোল্ট (১৪৩টি উইকেট), জয়দেব উনদকাট (১১০ উইকেট), আশিস নেহরা (১০৬ উইকেট) এবং জাহির খান (১০২) উইকেট।

দ্বিতীয় প্রবীণতম: এ বারের আইপিএলে মাঠে নামলেই দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসাবে নজির গড়বেন ধোনি। আইপিএল শুরুর দিন মাহির বয়স ৪৪ বছর ২৬৪ দিন। তাঁর চেয়ে বেশি বয়সে আইপিএল খেলার নজির রয়েছে শুধু ব্র্যাড হজের। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তাঁর শেষ আইপিএল ম্যাচ খেলেছিলেন ৪৫ বছর ৯২ দিন বয়সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement