বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
এখনও অপেক্ষা করতে হবে বৈভব সূর্যবংশীকে। রবিবারও ভারতের বড়দের দলে অভিষেক হল না তারা। বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে ভারত। ফলে সিরিজ় বাঁচানোর লড়াই শ্রেয়স আয়ারদের সামনে। সেই ম্যাচে ভারতীয় দলে জোড়া অভিষেক হল। কিন্তু বৈভব সুযোগ পেল না।
প্রথম ম্যাচে হারার পর অনেকে ভেবেছিলেন, দ্বিতীয় ম্যাচে হয়তো বৈভবকে সুযোগ দেওয়া হবে। সঞ্জু স্যামসনের বদলে তাকে খেলানো হতে পারে বলে জল্পনাও শুরু হয়েছিল। কিন্তু দেখা গেল, গৌতম গম্ভীরেরা বৈভবকে আরও একটু সময় দিতে চান। ১৫ বছরের ক্রিকেটারকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না তাঁরা।
রবিবার দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে জোড়া অভিষেক হয়েছে। সুযোগ পেয়েছেন পেসার প্রিন্স যাদব ও অলরাউন্ডার সূর্যাংশ শেড়গে। আগের ম্যাচে বল হাতে ব্যর্থ প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর বদলে নেওয়া হয়েছে প্রিন্সকে। এর আগে আফগানিস্তান সিরিজ়ে ভারতের এক দিনের দলে অভিষেক হয়েছে প্রিন্সের। এ বার তিনি সুযোগ পেলেন ছোট ফরম্যাটে। বোঝা যাচ্ছে, নির্বাচকদের নজরে রয়েছেন তিনি। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও আগের ম্যাচে বিশেষ কিছু করতে পারেননি। তাঁর বদলে সূর্যাংশকে সুযোগ দেওয়া হয়েছে। আক্রমণাত্মক ব্যাট করে গম্ভীরের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
টি-টোয়েন্টিতে ৫১৩ দিন পর আবার ভারতীয় দলে কারও অভিষেক হয়েছিল। শেষ বার ২০২৫ সালের জানুয়ারিতে অভিষেক হয়েছিল হর্ষিত রানার। তার পর থেকে একটা নির্দিষ্ট দল খেলিয়েছেন গম্ভীর। তার ফলও পেয়েছেন। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সামনে ২০২৮ সালের বিশ্বকাপ রয়েছে। তার আগে আবার দল গুছিয়ে নিচ্ছেন তিনি। ফলে নতুন ক্রিকেটারেরা সুযোগ পাচ্ছেন।
বৈভবকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না, তা আগের ম্যাচের পরেই জানিয়ে দিয়েছিলেন দলের নতুন অধিনায়ক শ্রেয়স। বলেছিলেন, ‘‘বৈভব দুর্দান্ত ক্রিকেটার। কিন্তু আমাদের দলে প্রচুর অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। যারা গত কয়েকটি সিরিজ়ে দারুণ পারফর্ম করেছে। যারা গোটা মরসুম জুড়ে ভাল খেলছে, আমরা তাদের পাশে রয়েছি। চাইলেই কাউকে বাদ দেওয়া যায় না। সময় এলে বৈভব ঠিকই সুযোগ পাবে।” সেই সময়ের অপেক্ষাই করতে হবে ১৫ বছরের ব্যাটারকে।