Vaibhav Sooryavanshi

১৯ বলে ৬৩, তিনশোর উপর স্ট্রাইক রেট! আইপিএলের আগে ছন্দে বৈভব, মুম্বইয়ের টি-টোয়েন্টি লিগে আগ্রাসী ব্যাটিং সূর্যবংশীর

স্ট্রাইক রেট ৩৩১.৫৮। সাতটি চার এবং পাঁচটি ছয়। মুম্বইয়ের টি-টোয়েন্টি লিগে এ রকমই আগ্রাসী ছন্দে দেখা গেল বৈভব সূর্যবংশীকে। আইপিএলের আগে বিপক্ষ দলগুলিকে হুঁশিয়ারিও দিয়ে দিল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৬
Share:

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

স্ট্রাইক রেট ৩৩১.৫৮। সাতটি চার এবং পাঁচটি ছয়। মুম্বইয়ের টি-টোয়েন্টি লিগে এ রকমই আগ্রাসী ছন্দে দেখা গেল বৈভব সূর্যবংশীকে। আইপিএলের আগে বিপক্ষ দলগুলিকে হুঁশিয়ারিও দিয়ে দিল সে। বুঝিয়ে দিল, প্রতিযোগিতা শুরুর আগেই ছন্দে রয়েছে সে।

Advertisement

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে এসেছে বৈভব। দশম শ্রেণির পরীক্ষা না দিয়ে সে গিয়েছে মুম্বইয়ের ডিওয়াই পাতিল টি২০ লিগ খেলতে। সেখানেই বৃহস্পতিবার ডিওয়াই পাতিল ব্লু দলের হয়ে ১৯ বলে ৬৩ রান করে সে। দলও জিতেছে সহজেই।

২২০ রান তাড়া করতে নেমেছিল বৈভবের দল। ক্রিজ়ে নেমে একটুও সময় নেয়নি বৈভব। প্রথম চারটি বলে ১৬ রান করে সে। শুরুই করে চারটি চার মেরে। ১২ বলে তার রান দাঁড়ায় ৪৩। বিপক্ষ দলের অধিনায়ক তখন কাকে বল দেবেন এবং কোথায় ফিল্ডার রাখবেন সেটাই ভাবছেন।

Advertisement

পঞ্চম ওভারেই অর্ধশতরান করে ফেলে বৈভব। পর পর ছয় এবং চার মেরে ১৪ বলেই ৫০ করে সে। এর পর আরও একটি ছয় মেরে ১৯ বলে ৬৩ রান করে ফিরে যায় সে।

গত বারের আইপিএলে প্রথম বার নজরে এসেছিল বৈভব। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করে সকলের নজরে আসে। লিগের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে শতরানের নজির ছিল সেটি।

তার পর থেকে বৈভবের উত্থান ক্রমশ ঊর্ধ্বগামী। ২৫টি যুব এক দিনের ম্যাচে ১৪১২ রান করেছে সে। গড় ৫৬.৪৮। স্ট্রাইক রেট ১৬৫.৭২। চারটি শতরান এবং সাতটি অর্ধশতরান রয়েছে তার। তার মধ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের ইনিংস রয়েছে।

সব মিলিয়ে ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৭০১ রান করেছে বৈভব। স্ট্রাইক রেট ২০৪.৩৭। এ দিন বৈভবের সঙ্গে তাল মিলিয়ে ভাল খেলেছেন অর্জুন তেন্ডুলকর। তিনি ২৯ বলে ৫৫ রানে অপরাজিত থেকেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement