(বাঁ দিকে) বৈভব সূর্যবংশী এবং আশীর্বাদ সূর্যবংশী (ডান দিকে)। ছবি: এক্স।
আরও এক সূর্যবংশী। নাম আশীর্বাদ সূর্যবংশী। ৮৭ বলে ১০৩ রান করে হইচই ফেলে দিয়েছে ১০ বছরের ছেলে। দাদার মতোই আগ্রাসী মেজাজে ব্যাট করতে ভালবাসে আশীর্বাদ। ভাইয়ের শতরানে উচ্ছ্বসিত সদ্য ভারতীয় দলে জায়গা করে নেওয়া বৈভব সূর্যবংশীও।
আইপিএলে বৈভবের আগ্রাসী ব্যাটিং মোহিত করেছে ক্রিকেটপ্রেমীদের। সবচেয়ে বেশি রান করে কমলা টুপি জিতে নেওয়া ১৫ বছরের কিশোর জায়গা করে নিয়েছে ভারতের টি-টোয়েন্টি দলেও। তার আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এর মধ্যেই উদয় হল আরও এক সূর্যবংশীর।
সমস্তিপুরের তাজপুর ক্রিকেট অ্যাকাডেমির অনুশীলন ম্যাচে শতরান করেছে আশীর্বাদ। ৮৭ বলের ইনিংসে ২০টি চার এবং ১টি ছক্কা মেরেছে সে। স্ট্রাইক রেট ১১৮.৩৯। ভাইয়ের এমন ইনিংসে উচ্ছ্বসিত বৈভব। ভাইয়ের ছবি এবং স্কোর কার্ডের স্ক্রিন শট দিয়ে বৈভব লিখেছে, ‘‘অভিনন্দন আশীর্বাদ।’’ আশীর্বাদে ইনিংসে ভর করে জয় পেয়েছে তার দল।
ভাই ছাড়া বৈভবের এক দাদা রয়েছেন। তাঁর নাম উজ্জ্বল সূর্যবংশী। তিনি অবশ্য ক্রিকেট খেলেন না। বৈভব এখন ভারত ‘এ’ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে রয়েছে। আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে ২২ বলে ৪৪ রান করেছে কিশোর ব্যাটার।