গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রানস টেস্ট (নিট)। ২১ জুন তারই পুনঃপরীক্ষা। সেখানে কোনও রকম গাফিলতি যাতে না হয়, সে দিকে কড়া নজর ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ)। পরীক্ষার আয়োজনের জন্য রাজ্য সরকারগুলিকেও সহযোগিতার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেই মতই পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবার আশ্বাস দেওয়া হয়েছে।
কোনও কোনও রাজ্যে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড দেখিয়ে সরকারি বাসে উঠতে পারবেন। এ ক্ষেত্রে যাঁরা অন্য রাজ্য থেকে ওই সব রাজ্য পরীক্ষা দিতে যাবেন, তাঁরাও এই পরিষেবা পাবেন। এ জন্য অতিরিক্ত সরকারি বাস চালানো হতে পারে পরীক্ষা শুরুর আগে এবং পরে।
জানা গিয়েছে, ওড়িশা, পঞ্জাব, দিল্লি, উত্তরাখণ্ড সরকারের তরফে বিনামূল্যে বাস পরিষেবার আশ্বাস দেওয়া হয়েছে। গোটা পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে নজরদারি এবং সুরক্ষার দায়িত্বে থাকবে আধাসেনা। প্রশ্নপত্র পরিবহণের দায়িত্ব দেওয়া হয়েছে বায়ুসেনাকে। তাদের তত্ত্বাবধানে প্রশ্নপত্র এবং পরীক্ষা সংক্রান্ত অন্য সব গোপনীয় নথি নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এই কাজ পরীক্ষা শুরুর আগেই শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
অন্য দিকে পরীক্ষার্থীদের স্বার্থে সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট পরীক্ষা চলবে। পরীক্ষার হলে হাজিরা খাতায় সই করা এবং ইনভিজিলেটরদের অন্য নানা প্রশাসনিক কাজ সম্পন্ন করতে যে সময় ব্যয় হয়, তা এই বর্ধিত সময়ের মধ্যেই অন্তর্ভুক্ত থাকতে চলেছে।
পাশাপাশি, রাফ ওয়ার্কের জন্য প্রশ্নপত্রের বুকলেটে চারটি করে পাতা থাকবে। দু’টি পাতা শুরুতে এবং দু’টি শেষে দেওয়া থাকবে। এতে বাঁ-হাতি পরীক্ষার্থীরাও সহজেই ওই পাতা ব্যবহার করার সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।