বিরাট কোহলির হাতে নতুন ট্যাটু। ছবি: এক্স।
বিরাট কোহলির ট্যাটু প্রেম সকলেরই জানা। তাঁর দু’হাতে রয়েছে অনেকগুলি ট্যাটু। দু’দিন পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবেন কোহলি। তার আগে হাতে আরও একটি নতুন ট্যাটু আঁকালেন তিনি।
কোহলির সেই ট্যাটু আঁকানোর প্রক্রিয়া পোস্ট করা হয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, ট্যাটু স্টুডিয়োতে ঢুকছেন কোহলি। সেখানে তাঁর বাঁহাতে কী ট্যাটু হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। তার পর কয়েক জন মিলে ট্যাটু আঁকছেন কোহলির হাতে। বেশ কিছু ক্ষণ পরে তা শেষ হয়েছে। কোহলি আয়নায় ভাল করে দেখে নিচ্ছেন, কেমন লাগছে সেই ট্যাটু। সব শেষে যাঁরা ট্যাটু এঁকেছেন তাঁদের ধন্যবাদ দেন কোহলি।
এলিয়েন্স ট্যাটু স্টুডিয়োতে এই ট্যাটু আঁকিয়েছেন কোহলি। তাঁর বাঁ হাতে আগে থেকেই বেশ কয়েকটি ট্যাটু রয়েছে। পুরনো ট্যাটু মুছে নতুন ট্যাটু আঁকা হয়নি। পুরনোকে নতুন মোড়ক দেওয়া হয়েছে। এলিয়েন্স ট্যাটু জানিয়েছে, কোহলির হাতে একটি পুরনো শিবের ট্যাটু ছিল। সেটি নতুন করে আঁকা হয়েছে। পাশাপাশি একটি পদ্ম ও পিওনি ফুলের ট্যাটু আঁকা হয়েছে। এই পদ্ম পবিত্রতা ও শক্তির প্রতীক। প্রতিটি ট্যাটুর আলাদা অর্থ রয়েছে।
কিন্তু তার মধ্যেও একটি বিশেষত্ব রয়েছে। ট্যাটু শেষ করেননি শিল্পী। তিনি জানিয়েছেন, কোহলির জীবনের সঙ্গে সঙ্গে এই ট্যাটুও একটু একটু করে বাড়বে। অর্থাৎ, তিনি জীবন ও কেরিয়ারে যে ভাবে এগোবেন, তাঁর ট্যাটুও সে ভাবেই এগোবে। এলিয়েন্স ট্যাটুর প্রতিষ্ঠাতা সানি ভানুশালি বলেন, “আমরা তাড়াহুড়ো করে কিছু শেষ করতে চাইনি। এটা ঠিক ট্যাটু নয়। ট্যাটুর থেকেও বেশি। আমরা এমন একটা কিছু তৈরি করতে চেয়েছি যা সময়ের সঙ্গে এগিয়ে চলে।”
কেরিয়ার যত এগিয়েছে তত বদল হয়েছে কোহলির। শুরুতে তিনি অনেক বেশি আগ্রাসী ছিলেন। সেই আগ্রাসন মাঠের বাইরেও দেখা যেত। মেজাজ হারাতেন। বিবাদে জড়াতেন। কিন্তু গত কয়েক বছরে বদলে গিয়েছেন তিনি। এখন অনেক শান্ত কোহলি। মাঠে মজা করেন। খেলা উপভোগ করেন। তিনি বার বার বলেন, তাঁর অভিজ্ঞতা তাঁকে নম্র হতে শিখিয়েছে।
আপাতত ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলেন কোহলি। তা ছাড়া শুধু আইপিএল খেলেন তিনি। বাকি সময় স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের নিয়ে লন্ডনে থাকেন তিনি। কোহলি জানিয়েছেন, ভবিষ্যতে লন্ডনেই থাকবেন তিনি। মাঝেমধ্যে ভারতে এসে প্রেমানন্দজি মহারাজের আশ্রমে যান কোহলি ও অনুষ্কা। তাঁদের জীবনে যে বদল এসেছে তাই হয়তো প্রকাশ পাচ্ছে কোহলির হাতের ট্যাটুতে।