Jonny Bairstow

যুদ্ধের মাঝে আবু ধাবিতে বাতিল ক্রিকেট ম্যাচ, পিছোল ফুটবল প্রতিযোগিতাও! দেশে ফেরানের আর্জি আটক ইংরেজ ক্রিকেটারের

ইরান ও ইজ়রায়েলের সংঘাতের ফলে পুরো মধ্য প্রাচ্য জুড়ে যুদ্ধের আবহ। এই পরিস্থিতির প্রভাব পড়েছে ফুটবল ও ক্রিকেটেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৭:৫২
Share:

মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি। ছবি: পিটিআই।

ইংল্যান্ড লায়ন্স ও পাকিস্তান শাহিন্সের মধ্যে দ্বিতীয় এক দিনের ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে এশিয়ান ফুটবল সংস্থার কন্টিনেন্টাল ক্লাব চ্যাম্পিয়নশিপ। দুবাই ও আবু ধাবিতে থাকতে ভয় পাচ্ছেন খেলোয়াড়েরা। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের কাছে তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছেন ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টো।

Advertisement

ইরান ও ইজ়রায়েলের সংঘাতের ফলে পুরো মধ্য প্রাচ্য জুড়ে যুদ্ধের আবহ। এই পরিস্থিতির প্রভাব পড়েছে ফুটবল ও ক্রিকেটেও। রবিবার একটি বিবৃতি জারি করেছে এশিয়ান ফুটবল সংস্থা। সেখানে লেখা, সোমবার ও মঙ্গলবার আবু ধাবিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট গ্রুপের শেষ ষোলোর ম্যাচ ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা হওয়া সম্ভব নয়। কবে সেই ম্যাচ হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।

রবিবার আবু ধাবির জ়ায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড লায়ন্স বনাম পাকিস্তান শাহিন্সের দ্বিতীয় ম্যাচ ছিল। কিন্তু সেই ম্যাচ হবে না। ইংল্যান্ডের সরকারের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড।

Advertisement

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, “আমাদের দেশের ক্রিকেটারদের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে খেলতে নামার কোনও প্রশ্নই ওঠে না। রবিবারের ম্যাচ বাতিল করা হয়েছে। আগামী সপ্তাহে আবু ধাবিতে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের মহিলা দলের। সেই সফরও আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।”

ইংল্যান্ড লায়ন্সের কোচ হয়ে আবু ধাবি গিয়েছেন বেয়ারস্টো। তিনি আর্জি করেছেন, এই পরিস্থিতিতে ইংল্যান্ডের ক্রিকেটারদের সে দেশ থেকে বার করে নিয়ে যাওয়া হোক। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্টারমার ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন। তার নীচেই বেয়ারস্টো লিখেছেন, “আমাদের কি দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন?”

বেয়ারস্টো জানিয়েছেন, বিমান বাতিলের পর কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাঁরা। ফলে আতঙ্কে রয়েছে পুরো দল। বেয়ারস্টো এক্স হ্যান্ডলে লেখেন, “বিমান বাতিল হয়ে যাওয়ার পর আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। আমরা যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু পারছি না। সকলে আতঙ্কে রয়েছে। দয়া করে কেউ যোগাযোগ করুন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement