FIFA World Cup 2026

ফুটবল বিশ্বকাপের দলঘোষণা ব্রাজ়িলের, ২৬ জনের দলে কি সুযোগ পেলেন নেমার, কাদের নিলেন, জানালেন আনচেলোত্তি

ফুটবল বিশ্বকাপের দল ঘোষণা করল ব্রাজ়িল। ২৬ জন ফুটবলারের নাম জানিয়ে দিলেন কোচ কার্লো আনচেলোত্তি। নেমার কি সুযোগ পেলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১০:৫৪
Share:

নেমার। —ফাইল চিত্র।

সকলের নজর ছিল নেমারের দিকে। এ বারের ফুটবল বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। শেষ পর্যন্ত তা কেটে গেল। নেমারকে রেখেই দল ঘোষণা করল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল। কোচ কার্লো আনচেলোত্তি ২৬ জন ফুটবলারের নাম জানিয়ে দিয়েছেন। তার মধ্যে তিন জন গোলরক্ষক, ন’জন ডিফেন্ডার, পাঁচ জন মিডফিল্ডার ও ন’জন স্ট্রাইকার রয়েছেন। গত কয়েকটি বিশ্বকাপে গোল করতে না পারায় সমস্যা হয়েছে ব্রাজ়িলের। আনচেলোত্তির দল দেখে বোঝা যাচ্ছে, বেশি গোল করে জেতার লক্ষ্যেই দল গড়েছেন তিনি।

Advertisement

ব্রাজ়িলের হয়ে সর্বাধিক ৭৯ গোলের মালিক ৩৪ বছরের নেমার। তাঁর যা বয়স, তাতে এ বারের বিশ্বকাপ খেলতে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু নেমারকে বার বার ভুগিয়েছে চোট। ২০২৩ সালের অক্টোবর মাসে তাঁর বাঁ পায়ের এসিএল ছিঁড়েছিল। তার পর থেকে পুরো সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। চলতি মরসুমে স্যান্টোসের হয়ে আটটি ম্যাচ খেলেছেন নেমার। করেছেন চারটি গোল। দু’টি গোল করিয়েছেন।

আনচেলোত্তির মতে, নেমার অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এখনও সময় রয়েছে। ফলে নেমারের মতো অভিজ্ঞ ফুটবলারকে তিনি দলে রেখেছেন। দলঘোষণার পর সাংবাদিক বৈঠকে আনচেলোত্তি বলেন, “ওর ফিটনেসে অনেক উন্নতি হয়েছে। এ বারের বিশ্বকাপে ও গুরুত্বপূর্ণ ফুটবলার। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ও আরও সুস্থ হয়ে ওঠার সময় পাবে। ওর যা অভিজ্ঞতা তা গোটা দলকে সাহায্য করবে।” আনচেলোত্তির কথা থেকে স্পষ্ট, নেমারকে প্রথম একাদশে রেখেই পরিকল্পনা করছেন তিনি।

Advertisement

১১ জুন থেকে শুরু এ বারের বিশ্বকাপ। গ্রুপ সি-তে রয়েছে ব্রাজ়িল। ১৪ জুন মরক্কোর বিরুদ্ধে ব্রাজ়িলের প্রথম ম্যাচ। তার পর ২০ জুন হাইতি ও ২৫ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবে তারা।

বিশ্বকাপে ব্রাজ়িল দল:

গোলরক্ষক— অ্যালিসন (লিভারপুল), এডেরসন (ফেনারবাচে), ওয়েভারটন (গ্রেমিয়ো)

ডিফেন্ডার— অ্যালেক্স সান্দ্রো, দানিলো, লিয়ো পেরেরা (ফ্ল্যামেঙ্গো), ব্রেমের (জুভেন্টাস), ইবানেজ় (আল আহলি), ওয়েসলি (রোমা), মারকুইনহোস (পিএসজি), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), ডগলাস স্যান্টোস (জ়েনিত সেন্ট পিটার্সবার্গ)

মিডফিল্ডার— ব্রুনো গিমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), দানিলো স্যান্টোস (বোটাফোগো), ফ্যাবিনহো (আল ইত্তিহাদ), লুকাস পাকুয়েতা (ফ্ল্যামেঙ্গো)

স্ট্রাইকার— এনড্রিক (লিয়ঁ), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), ম্যাথিয়াস কুনহা (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), রাফিনহা (বার্সেলোনা), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), লুইস হেনরিকে (জ়েনিত সেন্ট পিটার্সবার্গ), নেমার (স্যান্টোস), রায়ান (বোর্নমাউথ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement