FIFA World Cup 2026

বেঞ্চে বসে দেখেছেন দলের জয়, জাপানকে হারিয়ে ব্রাজ়িল শেষ ১৬-য় উঠতেই সেই জার্মান অর্থনীতিবিদকে নিশানা নেমারের

জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট ভবিষ্যদ্বাণী করেছিলেন, ব্রাজ়িলকে হারিয়ে দেবে জাপান। তাই ব্রাজ়িল জিততেই তাঁকে জবাব দিলেন নেমার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১২:০৩
Share:

নেমার। —ফাইল চিত্র।

খেলতে পারেননি তো কী হয়েছে, দলের জন্য সব সময় রয়েছেন নেমার। রাউন্ড অফ ৩২-এর ম্যাচে শেষ মিনিটের গোলে জাপানকে ২-১ হারিয়েছে ব্রাজ়িল। খেলা শেষে জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে একহাত নিলেন নেমার।

Advertisement

জার্মান গণিতজ্ঞ ও অর্থনীতিবিদ ক্লেমেন্টের একটি মডেল রয়েছে। সেই মডেলের সাহায্যে তিনি আগে থেকে ভবিষ্যদ্বাণী করেন বিশ্বকাপের ম্যাচে কী ফল হতে চলেছে। এই বিষয়ে তাঁর বেশ নামডাক রয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের ফাইনালের আগে জয়ী দলের নাম সঠিক ভাবে জানিয়ে দিয়েছিলেন তিনি।

ব্রাজ়িল-জাপান ম্যাচের আগে ক্লেমেন্ট জানিয়েছিলেন, তাঁর মডেল দেখাচ্ছে জাপান জিতবে। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি গ্রুপের কোনও ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করি না। কিন্তু রাউন্ড অফ ৩২-এ ব্রাজ়িল-জাপান ম্যাচের আগে করছি। জাপান ব্রাজ়িলকে হারাবে। শুরুতে আমারও খুব অবাক লেগেছিল। কারণ, ব্রাজ়িল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল। কিন্তু ব্রাজ়িলের বর্তমান দলে খুব বেশি ভাল ফুটবলার নেই। অন্য দিকে জাপান এই মুহূর্তে খুব ভাল দল।”

Advertisement

জাপানকে হারিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন নেমার। ব্রাজ়িলের ফুটবলার লেখেন, “মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট, পরের বিশ্বকাপে দয়া করে আবার চেষ্টা করবেন।” নেমারের কথা থেকে স্পষ্ট, ক্লেমেন্টকে খোঁচা মেরেছেন তিনি। পরের বারের বিশ্বকাপে আবার তাঁকে ভবিষ্যদ্বাণী করতে বলেছেন তিনি।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দল জিতলেও নেমার খেলেননি। গ্রুপের শেষ ম্যাচে ১৫ মিনিট খেলেছিলেন তিনি। জাপান ম্যাচের আগে কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছিলেন, নেমারকে আরও বেশি ক্ষণ মাঠে দেখা যেতে পারে। কিন্তু আদতে তা দেখা যায়নি। যখন খেলা অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছে তখনও নেমারকে নামাননি আনচেলোত্তি। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে নেমারের দেখা পাওয়া যেত কি না, তা বলা মুশকিল। তবে মাঠে না নামলেও দলের হয়ে গলা ফাটালেন ব্রাজ়িলের সর্বাধিক গোলদাতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement