FIFA World Cup 2026

বিশ্বকাপের মাঝে দুই শিবিরে অশান্তি! কোচের সঙ্গে মতানৈক্য, নির্দেশ মানছেন না দু’দলের ফুটবলারেরা

বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলাও এখনও শেষ হয়নি। তার মাঝেই দুই শিবিরে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। কোচের সঙ্গে মতের মিল হচ্ছে না ফুটবলারদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৭:০৬
Share:

ফুটবল বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

কোচের সঙ্গে মতের মিল হচ্ছে না ফুটবলারদের। পছন্দ হচ্ছে না কোচের পরিকল্পনা। এই নিয়ে কোচের সঙ্গে ফুটবলারদের দ্বন্দ্ব শুরু হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলাও এখনও শেষ হয়নি। তার মাঝেই দুই শিবিরে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। জার্মানি ও উরুগুয়ে দলের অন্দরের অবস্থা ভাল নয় বলেই খবর।

Advertisement

গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ হেরেছে জার্মানি। ২ মিনিটের মাথায় জার্মানিকে এগিয়ে দিয়েছিলেন লেরয় সানে। কিন্তু সেই অগ্রগমন ধরে রাখতে পারেনি তারা। দুই অর্ধে দু’টি গোল করে জিতেছে ইকুয়েডর। ম্যাচ শেষে হারের দায় দলের ফুটবলারদের উপর চাপিয়েছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলম্যান। তিনি বলেন, “আমরা খুব ভাল শুরু করেছিলাম। কিন্তু গোলটা করার পরেই কেমন গুটিয়ে গেলাম। ইকুয়েডরের হারানোর কিছু ছিল না। তাই ওরা যে মরিয়া চেষ্টা করবে সেটা আমরা জানতাম। কিন্তু আমাদের ফুটবলারদেরও হাই প্রেসিং ফুটবল খেলতে হত। সেটা হল না। ওদের জায়গা দিলাম। তাতে হারতে হল।”

কোচের মতে, পরিকল্পনায় ভুল হয়েছে তাঁদের। কিন্তু তা মানতে নারাজ দলের দুই ফুটবলার ডেনিজ় উন্ডাভ ও জোশুয়া কিমিচ। তাঁদের মতে, ইকুয়েডরের ফুটবলারেরা তাঁদের থেকে অনেক বেশি জেতার তাগিদ দেখিয়েছেন। তাই তাঁরা জিতেছেন। উন্ডাভ বলেন, “আমার মনে হয় ওরা জেতার জন্য মরিয়া ছিল। আরও আরও আক্রমণাত্মক খেলেছে। নিজেদের ১০০ শতাংশ দিয়েচে। প্রতিটা বলের জন্য দৌড়েছে। আমরা সেটা করতে পারিনি। পরিকল্পনায় কোনও ভুল ছিল না।”

Advertisement

একই কথা শোনা গিয়েছে কিমিচের মুখে। তিনি বলেন, “একটাই পার্থক্য ছিল। আমাদের থেকেও ওদের জেতার তাগিদ ছিল বেশি। তাই ওরা জিতেছে। যোগ্য দল হিসাবে জিতেছে।” দুই ফুটবলারের কথা থেকে পরিষ্কার, কোচের সঙ্গে একমত নন তাঁরা। এই পরস্পর বিরোধী মন্তব্যের পরেই জার্মানির শিবিরে ভাঙনের জল্পনা শুরু হয়েছে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রুপের শেষ ম্যাচে নামার আগে উরুগুয়ে শিবিরে সমস্যা দেখা দিয়েছে। কোচ মার্সেলো বিয়েলসার কোচিং পদ্ধতি পছন্দ হচ্ছে না ফুটবলারদের। তিনি অত্যধিক পরিশ্রম করাচ্ছেন। তাতে ম্যাচে নামার আগে ফুটবলারেরা ক্লান্ত হয়ে পড়ছেন বা তাঁদের চোট লাগছে বলে অভিযোগ।

উরুগুয়ের এক সংবাদমাধ্যম জানিয়েছে, সের্জিয়ো রোশেট, মানুয়েল উগার্তে, রদ্রিগো বেন্টানকুর ও ফেদেরিকো ভালভার্দে নাকি আলাদা করে কোচ বিয়েলসার সঙ্গে বৈঠক করেছেন। শনিবার ভারতীয় সময় ভোরে স্পেনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে উরুগুয়ে। এই ম্যাচের উপরেই তাদের নকআউটের ভাগ্য নির্ভর করছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই সতর্ক ফুটবলারেরা।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জানা গিয়েছে, ফুটবলারেরা কোচকে জানিয়েছেন, অনুশীলনে চাপ কমাতে। তাতে ম্যাচের সময় ফুটবলারেরা তরতাজা থাকবেন। পাশাপাশি স্পেনের বিরুদ্ধে রক্ষণ সামলে প্রতিআক্রমণে ওঠার পরিকল্পনাও জানিয়েছেন তাঁরা। বিয়েলসা সাধারণত আক্রমণাত্মক ফুটবল পছন্দ করেন। সেটা করতে গিয়ে কাবো ভার্দের কাছে ২ গোল খেতে হয়েছে উরুগুয়েকে। স্পেনের বিরুদ্ধে যাতে সেই সমস্যা না হয়, সেই বিষয়ে সতর্ক ফুটবলারেরা। যদিও এখনও পর্যন্ত বিয়েলসা বা উরুগুয়ের কোনও ফুটবলার এই বিষয়ে মুখ খোলেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement