Cristiano Ronaldo

গোলকিপারের হাস্যকর ভুলে অল্পের জন্য ট্রফি হাতে তোলা হল না রোনাল্ডোর! ডাগআউটে চোখে জল ক্রিশ্চিয়ানোর

আল নাসেরের হয়ে প্রথম ট্রফি জেতার মুখে দাঁড়িয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোলকিপারের হাস্যকর ভুলে ম্যাচ ড্র করল আল নাসের। ডাগআউটে বসে চোখে প্রায় জল এসে গেল রোনাল্ডোর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৭:৪৭
Share:

হতাশ রোনাল্ডো এই ছবিই পোস্ট করেছেন। ছবি: সমাজমাধ্যম।

আল নাসেরের হয়ে প্রথম ট্রফি জেতার মুখে দাঁড়িয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জয়ের জন্য আর ৩০ সেকেন্ড বাকি ছিল। সেই মুহূর্তে গোলকিপারের অবিশ্বাস্য ভুলে ম্যাচ ড্র করল আল নাসের। ফলে ট্রফি পেতে আরও অন্তত এক সপ্তাহ অপেক্ষা করতে হবে তাদের। ডাগআউটে বসে চোখে প্রায় জল এসে গেল রোনাল্ডোর। হতাশা নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

মঙ্গলবার আল নাসেরের সঙ্গে খেলা ছিল চিরশত্রু আল হিলালের। জিতলেই ঘরোয়া লিগ নিশ্চিত হয়ে যেত আল নাসেরের। গোল দিয়ে এগিয়েও গিয়েছিল তারা। গোলকিপারের ভুলে অল্পের জন্য লিগ হাতছাড়া হল তাদের। মহম্মদ সিমাকানের গোলে ৩৭ মিনিটে এগিয়ে গিয়েছিল আল নাসেরের। তখন সংযুক্তি সময়ের নবম মিনিটের খেলা চলছে।

আল হিলালের এক ফুটবলার লম্বা থ্রো করেছিলেন। সেটি গিয়ে পড়ে আল নাসেরের গোলের সামনে। এগিয়ে এসে বলটি ঘুষি মেরে উড়িয়ে দিতে গিয়েছিলেন আল নাসের গোলকিপার বেন্তো। বলের উচ্চতার নাগালই পাননি তিনি। সেই বল গোলে ঢুকে যায়। পিছন থেকে এক ডিফেন্ডার চেষ্টা করেও সেই বল গোল থেকে বার করতে পারেননি।

Advertisement

ক্যামেরা সঙ্গে সঙ্গে ধরে রোনাল্ডোকে। তাঁকে তুলে নেওয়া হয়েছিল তখন। দলকে গোল হজম করতে দেখে ব্যঙ্গ করে ডাগআউটে বসেই হাসতে থাকেন রোনাল্ডো। এর পরেই সামনে ঝুঁকে পড়ে হতাশায় মুখ ঢাকতে দেখা যায় তাঁকে। হাত সরানোর পর দেখা যায় চোখের কোণে জল।

তবু আশা এখনই হারাচ্ছেন না রোনাল্ডো। পরের সপ্তাহে দামাককে হারালেই লিগ পাবে আল নাসের। সে ক্ষেত্রে বাকি দু’টি ম্যাচে জিতলেও আল নাসেরকে আর ছুঁতে পারবে না আল হিলাল। রোনাল্ডো সমাজমাধ্যমের একটি পোস্টে লিখেছেন, “স্বপ্ন এখন খুবই কাছে। মাথা উঁচু করে খেলো। আর একটা ধাপ বাকি! এত ভাল সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement