FIFA World Cup 2026

এক সতীর্থকে সান্ত্বনা, আর এক সতীর্থকে স্মরণ, ক্রোয়েশিয়া ম্যাচের পর নজর কাড়লেন অন্য রোনাল্ডো

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের পর এক জোড়া আবেগঘন মুহূর্ত উপহার দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক বন্ধুর জন্য তাঁর চোখ ভিজল। আর বন্ধুর চোখের জল মোছালেন সিআর সেভেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১২:৫৮
Share:

(বাঁ দিকে) লুকা মদ্রিচকে সান্ত্বনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এবং দিয়েগো জোতাকে স্মরণ সিআর সেভেনের (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচটা আর পাঁচটা ম্যাচের মতো ছিল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে। এক বন্ধুকে হারিয়ে আর এক বন্ধুকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন সিআর সেভেন। কাজটা নিঃসন্দেহে কঠিন ছিল। তবু দেশের স্বার্থে প্রিয় বন্ধুর পরাজয়ে উল্লাসিত হলেন!

Advertisement

২০১২ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মদ্রিচের সঙ্গে খেলেছেন রোনাল্ডো। একসঙ্গে ২২২টি ম্যাচে খেলেছেন দু’জনে। মাঝমাঠ থেকে মদ্রিচের দেওয়া পাস থেকে রোনাল্ডোর বেশ কিছু গোলও রয়েছে রিয়ালের হয়ে। তাঁদের বোঝাপড়া এক সময় রিয়ালের সম্পদ ছিল। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অবশ্য সেই বোঝাপড়া দেখার সুযোগ ছিল না। এই ম্যাচ ছিল মুখোমুখি বোঝাপড়ার। দুই প্রাক্তন সতীর্থের কাঁধেই ছিল দলকে জেতানোর গুরুদায়িত্ব ছিল। পরস্পরকে রুখে দেওয়ার লড়াই। টেক্কা দেওয়ার লড়াই।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেউই জ্বলে উঠতে পারেননি। রোনাল্ডো এবং মদ্রিচকে খানিকটা নিষ্প্রভই দেখিয়েছে। রোনাল্ডোকে পুরো ৯০ মিনিট মাঠেও রাখতে পারেননি পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ়।

Advertisement

রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করেছেন। মদ্রিচের দলও হাড্ডাহাড্ডি লড়াই করেছে। নকআউট ম্যাচে ড্রয়ের সুযোগ নেই। কোনও একটা দলকে বিদায় নিতেই হত বিশ্বকাপ থেকে। শেষ মুহূর্তের গোল ‘ভার’ বাতিল করায় ক্রোয়েশিয়া হেরে গিয়েছে। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে হতাশায় ডুবে গিয়েছেন মদ্রিচ। গোল বাতিলের বিস্ময় আর বিদায়ের হতাশা মিলিয়ে ক্লান্ত শরীরটা যেন সামলাতেই পারছিলেন না। এগিয়ে গেলেন রোনাল্ডো। মাথায়, গায়ে হাত বুলিয়ে স্বান্ত্বনা দিলেন বন্ধুকে। বুকে জড়িয়ে ধরলেন। এক সময় একসঙ্গে উদ্‌যাপনে বা হতাশায় অভ্যস্ত হয়ে যাওয়া বিশ্বের দুই অন্যতম সেরা ফুটবলারের সেই দৃশ্য নজর কেড়েছে ফুটবলপ্রেমীদেরও।

রোনাল্ডো বলেছেন, ‘‘অনেকগুলো বছর মদ্রিচের সঙ্গে খেলেছি। এখনও ও শীর্ষ স্তরে খেলছে। মদ্রিচকে দেখে আমার খুব ভাল লাগছে। ম্যাচের পর বলেছি, অভিনন্দন লুক। তোমার ফুটবলজীবনের ভবিষ্যতের জন্য শুভকামনা থাকল।’’ রোনাল্ডো যখন সান্ত্বনা দিচ্ছিলেন, মদ্রিচের চোখ ছলছল করছিল। আবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়ের মুহূর্তে রোনাল্ডোর চোখের কোণও চিকচিক করেছে।

ওই যে আর এক প্রিয় বন্ধুকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন সিআর সেভেন। তিনি দিয়েগো জোতা। ২০২৫ সালের ৩ জুলাই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগালের প্রাক্তন উইঙ্গার। বয়সে রোনাল্ডো প্রায় ১২ বছরের বড়। কিন্তু একসঙ্গে পর্তুগালের আক্রমণের দায়িত্ব সামলেছেন প্রায় ৪০ টি ম্যাচে। বন্ধুকে ভোলেননি রোনাল্ডো। জয়ের মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে জোতাকে খুঁজেছেন। প্রাক্তন সতীর্থকে জয় উৎসর্গ করেছেন। সিআর সেভেনের আবেগঘন সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে। রোনাল্ডোর দুই ছবিই ভাইরাল সমাজমাধ্যমে। প্রশংসিত হয়েছে ফুটবলপ্রেমীদের কাছেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement