ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। — ফাইল চিত্র।
বিশ্বকাপের আগে সম্প্রতি দু’টি প্রদর্শনী ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে। সমর্থকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল যে, তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কি না। অবশেষে তাঁদের আশ্বস্ত করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চোট পাওয়ার পর প্রথম বার প্রকাশ্যে এলেন তিনি।
সোমবার রোনাল্ডো সমাজমাধ্যমে নিজের অনুশীলনের একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, “প্রতি দিন উন্নতি করছি।” অর্থাৎ রোনাল্ডোর চোট ধীরে ধীরে সারছে। দ্রুত ফুটবল মাঠে ফেরার জন্য তৈরি হচ্ছে পর্তুগিজ ফুটবলার। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হতে পারেন রোনাল্ডো। ফলে বিশ্বকাপে খেলা নিয়ে কোনও সংশয় থাকার কথা নয়।
মেক্সিকো এবং আমেরিকার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচের জন্য হ্যামস্ট্রিংয়ের চোটে রোনান্ডোকে ছাড়াই শুক্রবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছিল পর্তুগাল। ফেব্রুয়ারির শেষ দিকে আল নাসেরের হয়ে খেলার সময়ে চোট পান রোনাল্ডো। দল ঘোষণার সময়ে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস নিশ্চিত করেছিলেন, রোনাল্ডোকে নিয়ে তাঁরা অহেতুক তাড়হুড়ো করতে চান না। তাই তাঁকে বাইরে রেখেই আসন্ন ম্যাচগুলির জন্য দল ঘোষণা করা হয়েছে।
মার্তিনেস বলেছিলেন, “রোনাল্ডোর পেশিতে হালকা চোট রয়েছে। আশা করছি এক বা দু’সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবে। ম্যাচ না খেললেও শারীরিক ভাবে ও যে অনুশীলন করেছে, তাতে বোঝা গিয়েছে রোনাল্ডো সেরা ছন্দেই রয়েছে।” বিশ্বকাপেও কি রোনাল্ডোকে পাওয়া যাবে না? নেতিবাচক উত্তর দিয়ে মার্তিনেস বলেছিলেন, “রোনাল্ডোর চোট ততটা গুরুতর নয়। ও বিপদসীমার বাইরে রয়েছে।”
মেক্সিকোর বিরুদ্ধে ২৮ মার্চ পর্তুগাল খেলবে আজ়তেকা স্টেডিয়ামে। দু’দিন পরে আটলান্টায় আমেরিকার মুখোমুখি হবেন ব্রুনো ফের্নান্দেসরা। দলে রোনাল্ডো ছাড়াও রাখা হয়নি বের্নার্দো সিলভাকে। কারণ সিনিয়র ফুটবলারদের বড় পরীক্ষার আগে বিশ্রাম দেওয়া হয়েছে।