FIFA World Cup 2026

পাঁচ শব্দে বার্তা রোনাল্ডোর! নকআউটে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে সমর্থকদের কাছে সাহায্য চাইলেন সিআর৭

বিশ্বকাপের নকআউটে পর্তুগালের সামনে ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচদের বিরুদ্ধে নামার আগে সমর্থকদের কাছে সাহায্য চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১২:০২
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

সাহায্য চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের সমর্থকদের দিকে তাকিয়ে তিনি। শুক্রবার ভোরে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামবে পর্তুগাল। সেই ম্যাচে নামার আগে পাঁচ শব্দে সমর্থকদের বার্তা দিয়েছেন রোনাল্ডো।

Advertisement

নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন রোনাল্ডো। সেখানে পর্তুগিজ় সমর্থকদের কয়েকটি ছবি দিয়েছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, দলে দলে স্টেডিয়াম ভরাচ্ছেন সমর্থকেরা। ক্যাপশনে রোনাল্ডো লিখেছেন, “মেক আস ফিল অ্যাট হোম।” যার বাংলা অর্থ, “যেন মনে হয় আমরা ঘরের মাঠে খেলছি।”

এই পোস্ট থেকে স্পষ্ট, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের সমর্থকদের মাঠ ভরানোর আহ্বান করেছেন তিনি। যে কোনও খেলায় সমর্থন খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে দলগত খেলায় এমন কিছু মুহূর্ত আসে, যখন সমর্থকেরা খেলোয়াড়দের তাতিয়ে দেন। খেলা চলাকালীন ফুটবলারদের দেখা যায়, হাতের ইশারায় সমর্থকদের চিৎকার করতে বলছেন। আমেরিকার অনেক স্টেডিয়ামেই গ্যালারি থেকে মাঠের দূরত্ব খুব বেশি নয়। ফলে সমর্থকদের চিৎকার ফুটবলারদের আরও ভাল খেলতে উৎসাহিত করে। সেই উৎসাহটাই চেয়েছেন রোনাল্ডো।

Advertisement

এ বারের বিশ্বকাপে পর্তুগাল খুব একটা ভাল খেলেনি। কঙ্গোর সঙ্গে ড্র করেছে তারা। উজবেকিস্তানকে পাঁচ গোলে হারালেও কলম্বিয়ার কাছে হারতে হারতে বেঁচেছে। সেই কারণেই গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করে শক্তিশালী ক্রোয়েশিয়ার সামনে পড়েছে রোনাল্ডোরা।

ক্রোয়েশিয়ার শক্তি আগের থেকে কমলেও তারা দলবদ্ধ খেলায় যে কোনও দলকে হারিয়ে দিতে পারে। শৃঙ্খলাবদ্ধ দল ক্রোয়েশিয়া। রোনাল্ডো জানেন, তাদের হারানো সহজ হবে না। বিশেষ করে খেলা টাইব্রেকারে গেলে পর্তুগাল আরও চাপে পড়বে। সেই কারণেই সমর্থকদের কাছে সাহায্য চেয়েছেন রোনাল্ডো।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দলের মতোই রোনাল্ডোও খুব একটা ভাল ফর্মে নেই। কঙ্গো ও কলম্বিয়ার বিরুদ্ধে খুঁজে পাওয়া যায়নি তাঁকে। উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করলেও এই রোনাল্ডো আগের রোনাল্ডোর ছায়া। সেই গতি নেই। সহজ সুযোগ নষ্ট করছেন। কিন্তু ক্রোয়েশিয়াকে হারাতে সেই রোনাল্ডোর উপরেই ভরসা করছে পর্তুগাল। আর রোনাল্ডো ভরসা করছেন সমর্থকদের উপর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement