IFL 2026

একটি জয় দরকার অভিষেকের ডায়মন্ড হারবারের, তা হলেই আইএসএলে খেলবে মোহনবাগান, ইস্টবেঙ্গলের সঙ্গে

০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও ৫-২ ব্যবধানে জিতল অভিষেক বন্দ্যেপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি। আর একটি ম্যাচ জিতলেই আইএফএল চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার ছাড়পত্র পেয়ে যাবে অভিষেকের ক্লাব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ২৩:১৫
Share:

ডায়মন্ড হারবার এফসির ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল) জয়ের আরও কাছাকাছি ডায়মন্ড হারবার এফসি। শুক্রবার রাজস্থান ইউনাইটেডকে হারাল কিবু ভিকুনার দল। কল্যাণী স্টেডিয়ামে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও ৫-২ ব্যবধানে জিতল অভিষেক বন্দ্যেপাধ্যায়ের দল।

Advertisement

ম্যাচের শুরুতে দাপট ছিল রাজস্থানের। ৫ মিনিটেই দলকে এগিয়ে দেন জেরার্ড আর্টিগাস। ২৭ মিনিটে তিনি আবার গোল করে রাজস্থানকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথম ৩০ মিনিট বিশেষ সুবিধা করতে পারেননি ডায়মন্ড হারবারের ফুটবলারেরা। তবে হাল ছাড়েননি তাঁরা। ৪০ মিনিটে সুফল পায় ভিকুনার দল। ডায়মন্ড হারবারের হয়ে ব্যবধান কমান কেভিন আদেমোলা। প্রথমার্ধে আর গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে মাঝমাঠের দখল নিয়ে নেয় ডায়মন্ড হারবার। ৪৭ মিনিটে সমতা ফেরান হুগো ডিয়াজ় রদ্রিগেজ়। এর পর আর আটকানো যায়নি ডায়মন্ড হারবারকে। ম্যাচের রাশ ক্রমশ নিজেদের পায়ে নিয়ে নেন ভিকুনার ফুটবলারেরা। ৫৩ মিনিটে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন আদেমোলা। ৮৮ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোল করে ডায়মন্ড হারবারের জয় নিশ্চিত করে ফেলেন ওয়াহেংবাম লুয়োয়াং। তবু আক্রমণের ধার কমায়নি ডায়মন্ড হারবার। ৯০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন রদ্রিগেজ়।

Advertisement

এ দিনের জয়ের পর ১২ ম্যাচে ২৮ পয়েন্ট ডায়মন্ড হারবারের। দ্বিতীয় স্থানে থাকা শিলং লাজংয়ের ১১ ম্যাচে ২১ পয়েন্ট। শ্রীনিধি ডেকানেরও ১১ ম্যাচে ২১ পয়েন্ট। গোল পার্থক্যে লাজংয়ের থেকে পিছিয়ে ডেকান। ডায়মন্ড হারবারের আর দু’টি ম্যাচ বাকি। লাজং এবং ডেম্পোর সঙ্গে। যা পরিস্থিতি আর একটি ম্যাচ জিতলেই আইএফএল চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার ছাড়পত্র পেয়ে যাবে অভিষেকের ক্লাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement