East Bengal

সকলের নীচে থাকা মহমেডানকেও গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল, ‘মিনি ডার্বি’ জিতে আইএসএলের লড়াইয়ে দলকে ফেরাতে চান কোচ

প্রথম দুই রাউন্ডের শেষে আইএসএলের শীর্ষে থাকা ইস্টবেঙ্গল টানা তিনটি ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে। মহমেডানকে হারিয়েই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে লাল-হলুদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ২২:০০
Share:

রবিবার ইস্টবেঙ্গলের অনুশীলনে কোচ অস্কার। ছবি: সংগৃহীত।

প্রথম দুই রাউন্ডের শেষে আইএসএলের শীর্ষে থাকা ইস্টবেঙ্গল টানা তিনটি ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে। পয়েন্ট তালিকায় নেমে গিয়েছে ছয়ে। আন্তর্জাতিক বিরতির আগে মহমেডানকে হারিয়েই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে লাল-হলুদ। ম্যাচের আগে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো স্পষ্ট করে দিয়েছেন, মহমেডানকে হালকা ভাবে না নিলেও তিন পয়েন্টই তাঁদের লক্ষ্য।

Advertisement

ব্রুজ়‌ো বলেছেন, “শেষ মুহূর্তে মনঃসংযোগের ভুল এবং সেট পিসের কারণে পয়েন্ট হারিয়েছি আমরা। কিন্তু দল এবং সাজঘরের কথাবার্তায় দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব এবং দায়বদ্ধতা একই রকম রয়েছে। মহমেডান প্রথম পয়েন্ট পেতে লড়াই করবে। কিন্তু আমরাও ছেড়ে কথা বলব না।”

আইএসএলের মিনি ডার্বিতে মহমেডানের বিরুদ্ধে একটি জয় এবং একটি ড্র রয়েছে ইস্টবেঙ্গলের। তবে সব মিলিয়ে ইস্টবেঙ্গলের পরিসংখ্যান অনেক ভাল। তারা ২৫৮টি ম্যাচের ১৩২টিতেই জিতেছে। ব্রুজ়ো বলেছেন, “এই সপ্তাহটা নিজেদের কৌশল এবং পরিকল্পনা ঠিক করে নেওয়ার কাজে লাগিয়েছি। চোটের কারণে দলে অনেক বদল হয়েছে। তার মাঝেই প্রথম একাদশ নিয়ে ভাবতে হচ্ছে। গোলের সামনে যাতে আরও নিখুঁত হতে পারি, রক্ষণ যাতে গোটা ম্যাচে শক্তিশালী থাকে তাই নিয়ে গত কয়েক দিন পরিশ্রম করেছি।”

Advertisement

কোচের কথাই শোনা গিয়েছে গোলকিপার প্রভসুখন গিলের মুখে। বলেছেন, “আমরা কিছু পয়েন্ট হারিয়েছি ঠিকই। তার মানে এই নয় যে শীর্ষে থাকার লড়াই থেকে ছিটকে গিয়েছি। এ বছরের আইএসএলে আমরা সবচেয়ে বেশি গোল করা এবং সবচেয়ে কম গোল খাওয়া দলের তালিকায় উপরের দিকে রয়েছি। তাই খারাপ ফুটবল খেলছি এমনটা বলা যাবে না। আরও ভাল ফলাফল সময়ের অপেক্ষা।”

চলতি আইএসএলে একটিও পয়েন্ট পায়নি মহমেডান। সকলের তলায় রয়েছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরিসংখ্যান বদলাতে চাইছেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। বলেছেন, “এই মরসুমে কিছু সমস্যা হচ্ছে ঠিকই। তবে ইস্টবেঙ্গলের মতো ম্যাচেই নিজেদের সেরাটা দিতে হবে। ইস্টবেঙ্গলে অনেক অভিজ্ঞ ফুটবলার রয়েছে। কিন্তু ডার্বিতে আবেগ এবং প্রয়াস দিয়ে খেললে জেতা সম্ভব। আমি চাই ফুটবলারেরা ভয় ছাড়াই মাঠে নামুক এবং হৃদয় দিয়ে খেলুক। লিগে টিকে থাকতে গেলে পয়েন্ট খুবই দরকার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement