IWL 2026

তিন ম্যাচ বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মেয়েরা, সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলবে লাল-হলুদ

গত বছর এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব খেলে মূল পর্বে উঠেছিল ইস্টবেঙ্গল। গত বার মূল পর্বের একটি ম্যাচ জেতায় এ বার সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ২২:৩০
Share:

ফাজিলা ইকাওয়াপুট। ছবি: এক্স।

তিন ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। পর পর দু’বার মহিলাদের লিগ চ্যাম্পিয়ন হল লাল-হলুদ। মঙ্গলবার সেতু এফসি এবং সেসা এফসি ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় অ্যান্থনি অ্যান্ড্রুজের দলের খেতাব নিশ্চিত হয়ে গেল। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে মূল পর্বে খেলার ছাড়পত্রও পেয়ে গেল ইস্টবেঙ্গল।

Advertisement

এখন ইস্টবেঙ্গলের পয়েন্ট ১১ ম্যাচে ৩০। দ্বিতীয় স্থানে থাকা সেতু এফসির পয়েন্ট ১২ ম্যাচে ২৩। তাদের দু’টি ম্যাচ বাকি আর। তারা সর্বোচ্চ ২৯ পয়েন্টে পৌঁছোতে পারে। ফলে কোনও ভাবেই আর ইস্টবেঙ্গলকে টপকে যাওয়া সম্ভব নয়। তাই তিন ম্যাচ বাকি থাকতেই ফাজিলা ইকাওয়াপুটদের খেতাব জয় নিশ্চিত হয়ে গেল।

গোটা প্রতিযোগিতায় দাপটের সঙ্গে খেলেছে ইস্টবেঙ্গলের মহিলা দল। মেয়েরা। ১১টা ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছে। একটি হার। গোল করেছে ৩৮টি। গোল খেয়েছে ৫টি। সবচেয়ে বেশি ১৭টি গোল করেছেন ফাজিলা। গত বছর এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব খেলে মূল পর্বে উঠেছিল ইস্টবেঙ্গল। গত বার মূল পর্বের একটি ম্যাচ জেতায় এ বার সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। গত বার লাল-হলুদের মহিলা দল অবশ্য নকআউট পর্বে যেতে পারেনি।

Advertisement

অন্য দিকে, অস্কার ব্রুজ়োর দলও এ বার আইএসএল জেতার দৌড়ে রয়েছে। মোহনবাগানের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে রয়েছেন সৌভিক চক্রবর্তীরা। এ বারই প্রথম ইস্টবেঙ্গলের সামনে আইএসএল জেতার সুযোগ রয়েছে। মহিলা দলের খেতাব জয় চাপ বাড়াতে পারে ছেলেদের দলের উপর। তবে সৌভিকেরা পারলে একই বছরে দুই লিগে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করবে লাল-হলুদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement