মেসির জন্মদিনে সতীর্থেরা। ছবি: সমাজমাধ্যম।
বিশ্বকাপের মাঝেই পড়েছে তাঁর ৩৯তম জন্মদিন। বুধবার তিনি জন্মদিন পালন করেছেন। সেই লিয়োনেল মেসির জন্মদিনে চমকে দিলেন তাঁর সতীর্থেরা। বিশেষ একটি টি-শার্ট পরে মেসিকে শুভেচ্ছাবার্তা দিতে গেলেন তাঁরা। মেসি নিজেও সেই টি-শার্ট দেখে অভিভূত।
মেসি নিজেই বৃহস্পতিবার একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। দেখা গিয়েছে আর্জেন্টিনার ফুটবলারদের প্রত্যেকের গায়ে একটি সাদা রংয়ের টি-শার্ট। তার সামনে একটি ছবি। প্রত্যেক ফুটবলার নিজের সঙ্গে মেসির ছবি দেওয়া টি-শার্ট বানিয়েছিলেন। অর্থাৎ প্রতিটি টি-শার্টই ছিল একে অপরের থেকে আলাদা।
মেসির দরজায় টোকা মেরে তাঁরা ডাকেন। এর পর ‘হ্যাপি বার্থডে’ বলে চেঁচিয়ে ওঠেন। সতীর্থদের সঙ্গে একসঙ্গে কেক কাটেন মেসি। সেই কেকটি আনা হয়েছিল কানসাস সিটির একটি বেকারি থেকে, যার মালিক একজন আর্জেন্টিনীয়। মেসির তরফে সতীর্থদের উপহারও দেওয়া হয়।
জুলিয়ান আলভারেজ টি-শার্টের ছবি দিয়ে লিখেছেন, “সেই মানুষটির জন্য, যে আমাদের জীবন বদলে দিয়েছে, অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে এবং বিশ্বাস করিয়েছে যে স্বপ্নও সফল হয়। শুধু দেখা নয়, তোমার সঙ্গে সময়টা কাটানোই আমাদের কাছে সেরা মুহূর্ত। শুভ জন্মদিন অধিনায়ক। আমরা তোমায় ভালবাসি। খুব খুশি থেকো।”
সমাজমাধ্যমে বার্তায় মেসি লিখেছেন, “এত শুভেচ্ছার জন্য আমার দেশ এবং গোটা বিশ্বকে ধন্যবাদ। প্রতি বছরই তাঁরা নিজেদের উজাড় করে আমায় শুভেচ্ছা জানান। আমার পরিবার এবং বন্ধুবান্ধবদের ধন্যবাদ যারা আমার পাশে সব সময়ে রয়েছে। দারুণ একটা উপহারের জন্য আমার সতীর্থদের ধন্যবাদ। সকলের সঙ্গে দিনটা ভাগ করে নিতে পেরেছি।”