আয়মেন হুসেন। ছবি: এক্স।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকায় বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছেন ইরানের ফুটবলারেরা। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি হেনস্থার শিকার হতে পারেন ফুটবলারেরা, আশঙ্কা ইরানের ফুটবল কর্তাদের। এর মধ্যেই আমেরিকায় পা রেখে দীর্ঘ জেরার মুখে পড়তে হল বিশ্বকাপে ইরাকের অন্যতম ভরসা আয়মেন হুসেনকে।
যোগ্যতা অর্জন পর্বে হুসেনের গোলেই বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছিল ইরাক। ৩০ বছরের স্ট্রাইকার গত প্যারিস অলিম্পিক্সেও দেশের প্রতিনিধিত্ব করেন। তাঁকে শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে ৭ ঘণ্টা জেরা করা হয়েছে। শনিবার দলের সঙ্গে বিশ্বকাপ খেলার জন্য আমেরিকায় পৌঁছোন হুসেন। বিমানবন্দরে নামার পরই তাঁকে একটি ঘরে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। সেখানে আমেরিকার অভিবাসন এবং শুল্ক দফতরের আধিকারিকেরা জেরা করেন তাঁকে। কেন তাঁকে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হল, তা জানায়নি আমেরিকার প্রশাসন। ইরাকের ফুটবল সংস্থাও এ নিয়ে কোনও মন্তব্য করেনি।
শুধু হুসেনকে নয়, ইরাকের জাতীয় দলের সরকারি চিত্রগ্রাহক তালাল শাহকেও ১০ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বিমানবন্দরে। দু’জনেরই মোবাইল পরীক্ষা করে দেখা হয়েছে বলে জানিয়েছে ইরাকের সংবাদমাধ্যম। জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হওয়ার পর তাঁদের আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়।
সরকারি ভাবে প্রতিবাদ জানানো না হলেও এই ঘটনায় ক্ষুব্ধ ইরাকের ফুটবল কর্তারা। তাঁরা ফিফার সঙ্গে যোগাযোগ করেছেন। ৪০ বছর পর বিশ্বকাপ খেলবে ইরাক। গ্রুপ ‘আই’য়ে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ে।