একমন: অনুশীলনের এই ছবি এক্স হ্যান্ডলে দিয়েছেন হালান্ড।
প্রত্যাশা ছিল বিপুল। তবে ফ্রান্সের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামেননি নরওয়ের ভরসা, ম্যাঞ্চেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। বিশ্রাম নিয়ে তরতাজা হালান্ডই কি ২৮ বছর পরে বিশ্বকাপে আসা নরওয়েকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন?
নক-আউট পর্বে আইভরি কোস্টের বিরুদ্ধে নরওয়ের প্রথম ম্যাচের আগে যাবতীয় চর্চা চলছে হালান্ডকে নিয়েই। সোমবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় ডালাসে মুখোমুখি দু’দল। আইভরি কোস্টের রক্ষণের ভরসা, ২২ বছরের উসমান ডায়মন্ড কি পারবেন হালান্ড ও তাঁর সঙ্গী আলেকজান্ডার সরলথের আক্রমণ ঠেকাতে? চারটি গোল করে ইতিমধ্যেই সোনার বুটের দৌড়ে হালান্ড। তাঁর মতো বিধ্বংসী স্ট্রাইকারকে ঠেকানো কঠিন। শুধু হালান্ড বা সরলথই নন, মাঝমাঠ থেকে মার্টিন ওডেগার্ড যে ভাবে বল বাড়িয়ে দেন, সেটাও রুখতে হবে আফ্রিকার দেশটিকে।
আইভরি কোস্টের রক্ষণভাগ যে শরীরী ফুটবল খেলে আক্রমণ ভোঁতা করে দিতে চাইবে, তা জানেন নরওয়ের কোচ স্টেল সোলবাকেন। তিনি বলছেন, ‘‘ওদের দল খুবই ভাল। কিন্তু আমরাও ফ্রান্স ম্যাচে দলে বদল করে যে বিশ্রাম দরকার ছিল, তা পেয়ে গেছি। তাই শারীরিক দিক থেকে আমরাও পিছিয়ে থাকব না।’’
হালান্ড নিজেও ফুরফুরে মেজাজে। নক-আউটের লড়াইয়ের আগে অনুশীলনের ছবিও দিয়েছেন নিজের এক্স হ্যান্ডলে। তার আগে তিনি দেখা করেন বিখ্যাত আমেরিকান র্যাপার ট্রাভিস স্কটের সঙ্গে। গ্র্যামি মনোনয়ন পাওয়া স্কটকে নিজের সই করা জার্সি দিয়ে সেই ছবিও পোস্ট করেন। সঙ্গে হেডফোনের চিহ্ন! র্যাপ শুনতে শুনতেই কি তৈরি হচ্ছেন হালান্ড?
তবে গোল করায় পিছিয়ে থাকবে না আইভরি কোস্টও। দিদিয়ের দ্রোগবা, ইয়াইয়া টোরে-র মতো স্ট্রাইকার এসেছেন যে দেশ থেকে, সেই দেশ স্বপ্ন দেখছে উনিশ বছরের স্ট্রাইকার ইয়ান ডায়মন্ডকে ঘিরে। জার্মানির ক্লাব আর বি লিপজিগে খেলা ডায়মন্ডকে নিতে ঝাঁপিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সঁ জরমঁ। ১০০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি দিয়ে ইয়ানকে নিতে চায় তারা। লিভারপুল দৌড়ে থাকলেও এগিয়ে প্যারিস সঁ জরমঁ। তাদের কোচ লুই এনরিকের সঙ্গে কথাও হয়েছে তরুণ স্ট্রাইকারের। এ হেন ইয়ান ডায়মন্ড সব হিসেব বদলে দিতে পারেন।
লড়াইটা তাই সেয়ানে সেয়ানে!
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে