রাহুল ভেকে। ছবি: সমাজমাধ্যম।
নতুন মরসুমের আগে মোহনবাগানের রক্ষণ আরও শক্তিশালী হল। ভারতের জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার রাহুল ভেকে যোগ দিলেন সবুজ-মেরুনে। এক বছরের চুক্তি হয়েছে তাঁর সঙ্গে। ভারতীয় ফুটবলে অভিজ্ঞ এবং কলকাতায় আগে খেলে যাওয়া রাহুল মূলত সেন্টার-ব্যাক হলেও রাইট ব্যাকেও খেলতে পারেন। জাতীয় দলের জার্সিতে ৫০টিরও বেশি ম্যাচ খেলার পাশাপাশি অধিনায়কত্বও করেছেন দেশের। গত কয়েক বছর ধরেই আইএসএলে চুটিয়ে খেলছেন রাহুল। সেট-পিসে অনেক গোলও আছে তাঁর। অভিজ্ঞতার জন্য তিনি যে কোনও দলের কাছেই সম্পদ।
ইস্টবেঙ্গলের হয়ে কলকাতায় আগে ডার্বি খেলেছেন। ফলে সবুজ-মেরুন সমর্থকদের আবেগ, পরিবেশ ও দলের ঐতিহ্য ও পরম্পরা সম্পর্কে ধারণা আছে রাহুলের। চুক্তিতে সই করার পর মোহনবাগানের মিডিয়াকে রাহুল বলেছেন, “যে কোনও ভারতীয় ফুটবলারের কাছেই মোহনবাগানে খেলার স্বপ্ন থাকে। দেশের সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং রোমাঞ্চিত। এখানে আমার ভারতীয় দলের সতীর্থদের অনেকেই খেলে। তাই মানিয়ে নিতে কোনও অসুবিধা হবে না। অভিজ্ঞতা ও নিজের দক্ষতা দিয়ে দলকে সাহায্য করতে আমি তৈরি। কোচ আমাকে সুযোগ দিলে নিজের সেরাটা দেব।”
রাহুল আরও বলেছেন, “কেরল, মুম্বই, বেঙ্গালুরুর মতো দলের জার্সিতে নিয়মিত আইএসএল-সহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছি। বিপক্ষ দলে খেলার সুবাদে জানি মোহনবাগান কতটা শক্তিশালী দল নিয়ে নামে। এ বারও দেশের সেরা দল হতে চলেছে মোহনবাগান। ভারতের জার্সিতে ও বিভিন্ন ক্লাবের হয়ে প্রচুর ম্যাচ খেলেছি। ট্রফি জিতেছি। এ বার আমার লক্ষ্য সবুজ-মেরুন জার্সিতে ডার্বি জেতা এবং চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেওয়া। শুধু আইএসএল নয়, মোহনবাগান ম্যানেজমেন্টের যা দর্শন তাতে সব ট্রফি জেতার জন্যই তারা দল তৈরি করে। যা আমার ভাবনার সঙ্গে মেলে।”
ইস্টবেঙ্গলের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে গোল করার স্মৃতি উস্কে দিয়ে রাহুল বলেছেন, “কলকাতা আমার কাছে নতুন জায়গা নয়। আমি ইস্টবেঙ্গলে খেলেছি। সকলের নিশ্চয়ই মনে আছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আমি মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে গোল করেছিলাম এবং জিতেওছিলাম। এ বার সেটা উল্টে দেওয়ার সুযোগ এসেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে জেতার ও গোল করার ইচ্ছে আছে। কলকাতায় ফের খেলতে আসার চুক্তিতে সই করার সময়, এই প্রতিজ্ঞাটা বুকে নিয়েই সই করেছি। দেখা যাক সেই স্বপ্ন পূরণ করতে পারি কি না।”
এ দিকে, ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক আনুষ্ঠানিক ভাবে ছিন্ন করলেন মিগুয়েল। সমাজমাধ্যমের একটি পোস্টে সিদ্ধান্তের কথা জানিয়েছেন। লিখেছেন, “বন্ধুরা, তোমাদের থেকে বিদায় নিচ্ছি। এই ঐতিহ্যশালী ক্লাবে খেলতে পেরে আমি সম্মানিত। আগামীর সাফল্যের জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ।” শোনা যাচ্ছে, তিনিও মোহনবাগানে যোগ দিতে পারেন।