UEFA Champions League 2026

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়ে রেফারিদের দুষলেন বার্সার রাফিনহা, লিভারপুলকে হারাল পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা ও লিভারপুল। আতলেতিকো মাদ্রিদের কাছে হেরেথে বার্সা। লিভারপুলকে হারিয়েছে পিএসজি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১২:৪০
Share:

হারের পর হতাশ লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দুই দল চূড়ান্ত হয়ে গিয়েছে। বার্সেলোনাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে প্যারিস সঁ জরমঁ বা পিএসজি। হারের পর রেফারিদের নিশানা করেছেন বার্সার রাফিনহা। তাঁর মতে, রেফারিদের সিদ্ধান্তের কারণে হারতে হয়েছে তাঁদের।

Advertisement

রাফিনহার নিশানায় রেফারিরা

দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলে বার্সাকে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। প্রথম পর্বে ২-০ জিতেছিল তারা। দ্বিতীয় পর্বে বার্সা ২-১ গোলে জিতলেও বিদায় নিতে হয়েছে। দুই পর্বেই বার্সার দুই ফুটবলার লাল কার্ড দেখেছেন। চোটের কারণে দু’টি পর্বেই খেলতে পারেননি রাফিনহা। তাঁর অভিযোগ, রেফারি তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন।

প্রথম পর্বে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ইস্তভান কোভাকস। দ্বিতীয় পর্বের ম্যাচে রেফারি ছিলেন ক্লেমেন্ট তুরপিন। প্রথম পর্বের ম্যাচে ৪২ মিনিটের মাথায় গুলিয়ানো সিমিয়োনেকে ফাউল করেন পাউ কুবার্সি। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখিয়েছিলেন। কিন্তু ভার রিপ্লে দেখে লাল কার্ড দেখান তিনি। সেই ফ্রি কিক থেকেই গোল করেন ইউলিয়ান আলভারেস। পরের পর্বেও এক ছবি। আলেকজ়ান্ডার সরলথকে ফাউল করায় প্রথমে গার্সিয়াকে হলুদ কার্ড দেখিয়েছিলেন তুরপিন। পরে ভার রিপ্লে দেখে তিনিও লাল কার্ড দেখান।

Advertisement

দ্বিতীয় পর্বের খেলা শেষে রাফিনহা বলেন, “আমাদের সঙ্গে ডাকাতি করা হয়েছে। দুটো পর্বেই এক ঘটনা ঘটেছে। রেফারি খুব খারাপ সিদ্ধান্ত নিয়েছেন। আমি জানি না, বার্সেলোনা জিতলে ওঁরা কেন এত ভয় পান।” রাফিনহা জানিয়েছেন, ভুল মানুষই করে। কিন্তু বার বার এক ভুল হলে সন্দেহ হয়। তিনি বলেন, “রেফারি প্রতিপক্ষের সঙ্গে থাকলে তো খেলা জিততে তিন গুণ বেশি পরিশ্রম করতে হবে। জানি, মানুষ ভুল করে। কিন্তু প্রযুক্তির সাহায্য নিয়েও সেই ভুল কী ভাবে হয়। বার বার এক ভুল হলে মনে সন্দেহ তো হবেই।”

দ্বিতীয় পর্বে ৪ মিনিটের মাথায় বার্সাকে এগিয়ে দিয়েছিলেন লামিন ইয়ামাল। ২৪ মিনিটে ব্যবধান বাড়ান ফেরান টোরেস। ৩১ মিনিটে এক গোল শোধ করেন আদেমোলা লুকমান। দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। সেখান থেকে আর ফিরতে পারেনি বার্সা। হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

Advertisement

লিভারপুলকে হারাল পিএসজি

বার্সা-আতলেতিকো ম্যাচে নাটক হলেও অপর কোয়ার্টার ফাইনালে পিএসজির বিরুদ্ধে ভাল ফুটবল খেলেও হার মানতে হয়েছে লিভারপুলকে। ফরাসি ক্লাবের রক্ষণের কাছে হার মানতে হয়েছে ইংল্যান্ডের ক্লাবকে। লিভারপুরের ঘরের মাঠে পিএসজির হয়ে দু’টি গোলই করেছেন উসমান দেম্বেলে। একটি ৭২ মিনিটে। অপরটি সংযুক্তি সময়ে।

গোটা ম্যাচে পিএসজির গোল লক্ষ্য করে ২১টি শট নিয়েছে লিভারপুল। সাতটি শট লক্ষ্যেও ছিল। কিন্তু গোল হয়নি। ৫৭ শতাংশ বলের দখল কাজে লাগাতে পারেননি আর্নে স্লটের ছেলেরা। লুই এনরিকে জানতেন, গোল না পেলে অতিরিক্ত আক্রমণাত্মক হবে লিভারপুল। তখন তাঁদের সামনে সুযোগ আসবে। সেটাই হয়েছে। নিখুঁত পরিকল্পনায় লিভারপুলকে হারিয়ে আরও এক বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে এগোচ্ছে প্যারিসের ক্লাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement