FIFA World Cup 2026

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মেসিদের বার্বিকিউ

ঝড়ের পূর্বাভাসে সব কিছু ভেস্তে যাওয়ার উপক্রম হলেও শেষ পর্যন্ত অবশ্য তা বাতিল করা হয়নি। মাঝরাত্তিরে সকলকে চমকে দিয়ে ক্যানসাস সিটিতে আর্জেন্টিনার হোটেলে উপস্থিত হন কার্লোস ‘লা মোনা’ জ়িমিনেজ়।

সুমিত ঘোষ

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১১:০৩
Share:

আকর্ষণ: বুধবার শুরু মেসিদের অভিযান। প্রস্তুতীতে কিংবদন্তি। ছবি: রয়টার্স।

ক্যানসান সিটিতে হঠাৎই টর্নেডো আছড়ে পড়ার পূর্বাভাসে চাঞ্চল্য তৈরি হয়েছিল বিশ্বকাপের প্রস্তুতিতে। শনিবার থেকে বারবার সরকারি তরফে ঘোষণা হতে থাকে যে, সকলে নিরাপদ আশ্রয়ে চলে যান। কেউ বাইরে বেরবেন না। ক্যানসাস সিটিতে এই মুহূর্তে দু’টি দল রয়েছে। লিয়োনেল মেসির আর্জেন্টিনা এবং হ্যারি কেনদের ইংল্যান্ড। বিশেষ করে ইংল্যান্ড দল যেখানে বেসক্যাম্প করেছে, সেই জায়গায় বেশি করে টর্নেডোর পূর্বাভাস ছিল। ঘণ্টায় ৮০ মাইল বেগে ঝড় আছড়ে পড়বে বলে জানানো হয়েছিল। যে কারণে ইংল্যান্ডের ফুটবলারদের কাছেও নির্দেশ পৌঁছয়, ঘর থেকেনা বেরনোর।

শেষ পর্যন্ত খুব বড় মাপের কিছু না ঘটলেও এ দিন নিউ ইয়র্ক থেকে উড়ানে ক্যানসাস সিটি আসার পথে বেশ ভাল রকম টার্বুল্যান্স প্রত্যক্ষ করা গেল। কার্যত সিটবেল্ট পরেই পুরো তিন ঘণ্টার যাত্রা করতে হল সকলকে। ক্যাপ্টেনও বারবার বলতে থাকলেন, ঝোড়ো হাওয়ার মধ্যে যেতে হচ্ছে বলেই এমন টারবুল্যান্স।

এর মধ্যেই আবার মেসির আর্জন্টিনা ‘টিম বন্ডিং’-এর পরিকল্পনা করেছিল। বারবিকিউয়ের আয়োজন করা হয়েছিল। ঝড়ের পূর্বাভাসে সব কিছু ভেস্তে যাওয়ার উপক্রম হলেও শেষ পর্যন্ত অবশ্য তা বাতিল করা হয়নি। মাঝরাত্তিরে সকলকে চমকে দিয়ে ক্যানসাস সিটিতে আর্জেন্টিনার হোটেলে উপস্থিত হন কার্লোস ‘লা মোনা’ জ়িমিনেজ়। আর্জেন্টিনার জনপ্রিয়তম সঙ্গীত শিল্পীকে পেয়ে দলের উৎসব যেন আরও গতি পেয়ে যায়। আর্জেন্টিনা দলের সামনে একটি ছোটখাটো কনসার্টই করে গেলেন তিনি। ঝড়ের আতঙ্ক তখন কোথায় উড়ে গিয়েছে! মেসিকে পর্যন্ত প্রথম সারিতে বসে গলা মেলাতে দেখা গিয়েছে। মেসির সঙ্গে ছবিও তোলেন ‘লা মোনা’। তার পর দলের সামনে বলে যান, তিনি আর্জেন্টিনার ‘লাকি চার্ম’। ১৯৭৮, ১৯৮৬, ২০২২— যে তিন বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, তিনি উপস্থিত ছিলেন। দলের সকলের সঙ্গে ছবিও তোলেন ৭৫ বছরের ‘তরুণ’। তাঁর বাঁ দিকে বসে রয়েছেন মেসি। আর্জেন্টিনীয় শেফ নিজেদের দেশের সুস্বাদু সব খাবার রান্না করেছিলেন। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস সেই ছবি দিয়েছেন।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিয়ো তাপিয়াও ক্যানসাস সিটিতে রয়েছেন। মেসিদের সঙ্গে ট্রেনিং ক্যাম্পে থাকছেন। তিনিই ‘লা মোনা’-কে স্বাগত জানিয়ে দলের অনুষ্ঠানে নিয়ে আসেন। তাঁর বিখ্যাত গান ‘আই অ্যাম আ বয় ফ্রম নেবারহুড’-কে পরিবর্তন করে আর্জেন্টিনা দলকে উদ্বুদ্ধ করার জন্য নতুন করে গেয়ে যান তিনি। বেরনোর আগে চেঁচিয়ে সকলের উদ্দেশে বলে যান, ‘‘তোমরা সকলে চ্যাম্পিয়ন। আবার তোমরা চ্যাম্পিয়ন হবে।’’ আগামী মঙ্গলবার (ভারতীয় সময়ে বুধবার ভোরে) আলজ়িরিয়ার বিরুদ্ধে ক্যানসাস সিটিতেই কাপ-রক্ষার অভিযান শুরু করছেন মেসিরা। তার আগে দেশের অন্যতম সেরা তারকার কাছ থেকে পাওয়া ‘ভোকাল টনিক’ যেন অনেককেই তাতিয়ে দিয়েছে, তার প্রমাণও হাতেনাতে পাওয়া গিয়েছে। অনেকেই সমাজমাধ্যমে এই মুহূর্ত তুলে দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।

টর্নেডো হয়তো সে ভাবে আসেনি, কিন্তু আর্জেন্টিনা শিবিরে এখন আবেগের ঝড় বইছে বললে অত্যুক্তি করা হবে না। লা মোনা জ়িমিনেজ়কে এনে গানের অনুষ্ঠানের পাশাপাশি লিয়োনেল মেসির বার্তা নিয়ে জোরাল চর্চা চলছে। আলজ়িরিয়ার বিরুদ্ধে নামার আটচল্লিশ ঘণ্টা আগে আর্জেন্টিনার জার্সিতে খেলা পাঁচটি বিশ্বকাপের ছবি তুলে দিয়েছেন তিনি। সমাজমাধ্যমে দেওয়া সেই ছবির নীচে মন্তব্য করেছেন রদ্রিগো দি পল। লিখেছেন, ‘‘সব কিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক।’’

মঙ্গলবার ২০২৬ বিশ্বকাপে প্রথম মেসি দর্শনের ম্যাচে অবশ্য কাঁটা হতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর এ দিন জানিয়েছে, ৪৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সির মতো গরমও থাকবে না। তাপমাত্রা বেশ কমতে পারে। এ দিন ক্যানসাস সিটিতে এসে দেখা গেল, কড়া রোদ থাকলেও ঠান্ডা হাওয়া বইছে। নিউ ইয়র্কের মতো ঝলমলে, ব্যস্ত, কোলাহলমুখর নয় ক্যানসাস সিটি। বরং নিরিবিলি, শান্ত ‘কান্ট্রিসাইড’-এর মতো। বিমানবন্দরে ঢুকলেই বোঝা যাবে, এখানে বিশ্বকাপের বড় আসর বসছে। বড় বড় করে লেখা ‘ওয়েলকাম টু ওয়ার্ল্ড কাপ ২০২৬’। গতবারের চ্যাম্পিয়নরা নামছে। লিয়োনেল মেসিকে দেখার জন্য মাঠের পাশের হোটেলগুলিতে উপচে পড়া ভিড়। জায়গা পাওয়াই খুব কঠিন। ঝড়-বৃষ্টি সব কিছু উপেক্ষা করে ফুটবল ভক্তরা এখন মেসি মায়ায় ডুবেযাওয়ার অপেক্ষায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন