Venezuel

ভেনেজ়ুয়েলার ভূমিকম্পের ছায়া ফুটবলে! এক বছরের মেয়েকে বাঁচিয়েও মৃত্যু ডিফেন্ডার বেল্লোর স্ত্রীর, নিঃসঙ্গ আর্জেন্টিনার ত্রেজো

ভয়াবহ ভূমিকম্পে স্ত্রীকে হারিয়েছেন ভেনেজ়ুয়েলার ফুটবলার হেক্টর বেল্লো। তাঁর এক বছরের মেয়েকে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রকৃতি কেড়ে নিয়েছে আর্জেন্টিনার ডিফেন্ডার লুকাস ত্রেজোর স্ত্রী-সন্তানদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৬:৪৬
Share:

(বাঁ দিকে) হেক্টর বেল্লোর স্ত্রী-কন্যা এবং পরিবার-সহ লুকাস ত্রেজো (ডান দিকে)। ছবি: এক্স।

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজ়ুয়েলা। অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন একাধিক ফুটবলারের পরিবারের সদস্যেরা। স্ত্রীকে হারিয়েছেন ভেনেজ়ুয়েলার ফুটবলার হেক্টর বেল্লো। প্রকৃতি কেড়ে নিয়েছে আর্জেন্টিনার ডিফেন্ডার লুকাস ত্রেজোর স্ত্রী-সন্তানদের।

Advertisement

গত বুধবারের ভয়াবহ ভূমিকম্প থেকে শিশু কন্যাকে প্রাণে বাঁচালেও নিজেকে রক্ষা করতে পারেননি বেল্লোর স্ত্রী আন্দ্রেয়া। এক বছরের কন্যা আলানাকে জড়িয়ে ধরে বাড়ির ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে যান তাঁর স্ত্রী। উদ্ধারকারীরা আলানাকে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করলেও তাকে জড়িয়ে থাকা বেল্লোর স্ত্রীর শরীরে প্রাণ ছিল না। পারিবারিক বিপর্যয়ের কথা সমাজমাধ্যমে জানিয়েছেন ভেনেজ়ুয়েলার ফুটবলার। আন্দ্রেয়া-আলানার একসঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘‘মা, তুমি চিরকাল আমাদের প্রিয় নায়িকা হয়ে থাকবে। তুমি কতটা ‌ভাল ছিলে, তা যাতে আমাদের সন্তান মনে রাখে, সেটা আমি নিশ্চিত করব। আলানাকে বোঝাবো তুমি কতটা ভালবাসতে ওকে।’’

২৮ বছরের ডিফেন্ডার আরও লিখেছেন, ‘‘চাইব আমার মেয়ে যেন খুব শক্ত মনে মানুষ হয়। ওকে তো শক্ত হতেই হবে। ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া আমার হৃদয় তোমাকেই সারিয়ে তুলতে হবে। তুমি হয়তো তোমার বাবাকে আগেরল মতো হাসিখুসি বা শক্তিশালী দেখতে পাবে না। তা-ও তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সব ক্ষত সারিয়ে তুলব এবং তোমাকে বিশ্বের সুখীতম মেয়ে হিসাবে বড় করব। এখন শুধু তুমি আর আমি। তোমার মা স্বর্গ থেকে আমাদের দেখছে। জানি, আন্দ্রেয়া আমাকে লড়াই করার শক্তি দেবে। কাছে থাকলে হয়তো আন্দ্রেয়া আমাকেও নিজের জীবন দিয়ে রক্ষা করত। যেমন আমাদের সন্তানকে করেছে।’’

Advertisement

বেল্লো শুধু স্ত্রীকে হারালেও আর্জেন্টিনার ত্রেজো স্ত্রী এবং দুই সন্তানকে হারিয়েছেন। ভেনেজ়ুয়েলার ক্লাব ডেপোর্টিভো লা গুয়াইরায় খেলেন ৩৮ বছরের ডিফেন্ডার। ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে ত্রেজোর স্ত্রী ইয়ানিনা মারানেলা, তাঁদের দুই সন্তান অ্যারন এবং আইনহোয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁরা যে বাড়িতে বসবাস করতেন, সেটি ভূমিকম্পের অভিঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ভূমিকম্পের পর থেকেই নিখোঁজ ছিল ত্রেজোর স্ত্রী, সন্তানেরা। দলের সঙ্গে কারাকাসে প্রস্তুতি শিবিরে ছিলেন ত্রেজো। বাড়িতে না থাকায় বেঁচে গিয়েছেন তিনি।

পরিবার হারিয়ে বাক্‌রুদ্ধ লিয়োনেল মেসির দেশের ফুটবলার সমাজমাধ্যমে শুধু লিখেছেন, ‘‘প্লায়া গ্রান্ডেতে আমাদের বাড়িটা ধসে গিয়েছে। বিশ্বাস করতে চাই আমার পরিবারের কেউ ভূমিকম্পের সময় সেখানে ছিল না। ওরা বেঁচে গিয়েছে। দয়া করে ওদের খুঁজতে আমাকে সাহায্য করুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement