FIFA World Cup 2026

বিশ্বকাপ শুরুর দিনই সরে দাঁড়ালেন জাপানের অধিনায়ক! দেশের হয়ে আর খেলবেন না এনডো

গত ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন ওয়াটারু এনডো। অস্ত্রোপচারের পর অনেকটাই ফিট হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৮:২৯
Share:

ওয়াটারু এনডো। ছবি: এক্স।

বিশ্বকাপ শুরুর দিনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা জাপানের অধিনায়ক ওয়াটারু এনডোর! বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেবেন না তিনি। মাঠে নামার আগে নতুন অধিনায়ক বেছে নিতে হবে এশিয়ার অন্যতম সেরা দলকে।

Advertisement

লিভারপুলের ৩৩ বছরের মিডফিল্ডার বিশ্বকাপ খেলবেন না। চোটের জন্য তিনি ছিটকে গিয়েছেন। গত ফেব্রুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন এনডো। সেই চোট এখনও সারেনি। তা-ও বিশ্বকাপের দলে অধিনায়ককে রেখেছিল জাপান। মনে করা হয়েছিল, তিনি ফিট হয়ে যাবেন। কিন্তু এনডোর চোটের যা পরিস্থিতি তাতে, বিশ্বকাপে তাঁর পক্ষে খেলা কঠিন। তাই প্রতিযোগিতা শুরুর আগেই সরে দাঁড়ালেন তিনি।

বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এনডো। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘‘আমি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছি। চোট পাওয়ার পর থেকে এ পর্যন্ত আমার পক্ষে যা যা করা সম্ভব ছিল, সবই করেছি। তাই আমার কোনও আফসোস নেই। অবশ্যই এ বারের বিশ্বকাপ খেলতে না পারায় আমি হতাশ। কাতার বিশ্বকাপের পর আমরা সকলে মিলে যে উন্নতি করেছি, তার জন্য আমি গর্বিত।’’ তিনি আরও বলেছেন, ‘‘কাতারে আমি দলকে নেতৃত্ব দিয়েছিলাম। আমরা সকলে মিলে বিশ্বকাপ জয়ের স্বপ্নকে সফল করতে চেয়েছিলাম। এই দলটা সত্যিই দুর্দান্ত। আমার বিশ্বাস, ওরা দুর্দান্ত ফুটবল উপহার দেবে। সব প্রতিকূলতা কাটিয়ে উঠবে। এমন কিছু উপহার দেবে, যা জাপানের সমর্থকেরা আগে দেখেননি। বিশ্বকাপ খেলতে পারব না। তাই জাতীয় দল থেকেও অবসর নিচ্ছি। এখন থেকে আমি জাপানের জাতীয় দলের সমর্থক। জাপান নিশ্চই এক দিন বিশ্বচ্যাম্পিয়ন হবে। এই বিশ্বাস অটুট রেখে সমর্থন করে যাব।’’

Advertisement

জাপান শিবির মনে করেছিল, এনডোর খেলতে সমস্যা হবে না। চোট পাওয়ার পর অস্ত্রোপচার হয় তাঁর। ফিট হওয়ার পর অনুশীলন শুরু করেন। গত ৩১ মে আইসল্যান্ডের বিরুদ্ধে খেলেন অভিজ্ঞ মিডফিল্ডার। সে দিনই অস্বস্তি অনুভব করেন। ওই ম্যাচের পর জাপান দলের মেডিক্যাল স্টাফেরা ধারাবাহিক পর্যবেক্ষণ এবং পরীক্ষা করে বুঝতে পারেন, বিশ্বকাপ খেললে তাঁর বড় ক্ষতি হয়ে যাবে। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে আরও সময় লাগবে। তাঁরা ঝুঁকি নিতে চাননি।

জাপানের অন্যতম দুই ভরসা কায়োরু মিতোমা এবং তাকুমি মিনামিনো চোটের জন্য বিশ্বকাপ খেলতে পারছেন না। কিছুটা বাধ্য হয়েই এনডোকে বিশ্বকাপের ২৬ জনের দলে রেখেছিলেন কোচ। তাঁকে অধিনায়কও করেন। কিন্তু শেষ মুহূর্তে এনডো ছিটকে যাওয়ায়, প্রথম ম্যাচের তিন দিন আগে নতুন অধিনায়ক বেছে নিতে হবে জাপানকে। আগামী ১৫ জুন নেদারল্যান্ডসের বিরুদ্ধে জাপানের প্রথম ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement