Tiger Woods

৮ ঘণ্টা কারাবাসের পর জামিনে মুক্ত টাইগার উডস, ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে উদ্বেগ প্রকাশ ট্রাম্পের

বাড়ির কাছেই জুপিটার আইল্যান্ডস এলাকায় রেঞ্জ রোভার গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করতে পারেননি টাইগার উডস। একটি ট্রেলারকে অতিক্রম করে ড্রাইভওয়েতে ঢোকার সময় ধাক্কা মেরে উল্টে যায় তাঁর গাড়ি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১২:১৮
Share:

টাইগার উডস। ছবি: এক্স।

জামিন পেলেন টাইগার উডস। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানো এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে গল্‌ফ তারকাকে শুক্রবার গ্রেফতার করেছিল ফ্লরিডার পুলিশ। সে দিন রাতেই উডস জামিনে মুক্তি পেয়েছেন। উডসেক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

বিশ্বের অন্যতম সেরা গল্‌ফ খেলোয়াড়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিপজ্জনক ভাবে গাড়ি চালানো, বসতি এলাকায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো, নেশা করে গাড়ি চালানো, দুর্ঘটনা ঘটানো, তদন্তে অসহযোগিতার মতো ধারা দেওয়া হয়েছে। গ্রেফতার করার পর জেলেও পাঠানো হয় উডসকে। ৮ ঘণ্টা কারাবাসের পর জামিনে ছাড়া পেয়েছেন তিনি। তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি প্রমাণিত হলে কঠোর শাস্তি হতে পারে।

একটি ট্রেলারকে ধাক্কা মেরে রেঞ্জ রোভার গাড়িটি উল্টে গেলেও চোট লাগেনি উডসের। মার্টিন কাউন্টির শেরিফ জন এম বাডেনসিক বলেছেন, ‘‘ক্ষতি করতে পারে বা তাঁর কৃতকর্মের সুযোগ নিতে পারে এমন কয়েদিদের সঙ্গে রাখা হয়নি উডসকে। তাঁকে অপরাধের মূল্য দিতে হবে। তার জন্য আমরা গল্‌ফারকে জেলে আটকে রাখার পক্ষে নই। তিনি ভাল রয়েছেন। বড় কোনও চোট লাগেনি।’’

Advertisement

উডসের ম্যানেজার সংস্থা এক্সেস স্পোর্টসের তরফে কোনও মন্তব্য করা হয়নি এই দুর্ঘটনা নিয়ে। তবে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, ‘‘আমার খুব খারাপ লাগছে। উডসকে কিছু জটিলতার মধ্যে পড়তে হল। ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। দুর্দান্ত মানুষ। তবে ওর কিছু সমস্যা রয়েছে।’’

বাড়ির কাছেই জুপিটার আইল্যান্ডস এলাকায় রেঞ্জ রোভার গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করতে পারেননি উডস। একটি ট্রেলারকে অতিক্রম করে ড্রাইভওয়েতে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। তাঁর সামনের গাড়িটি নিয়ম অনুযায়ী ড্রাইভওয়েতে ঢোকার মুখে গতি কমালেও উডস তা করেননি। ফলে ট্রেলারটির পিছনে ধাক্কা মারে তাঁর গাড়িটি। তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় উডসের গাড়ির গতি ছিল ঘণ্টায় ৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। দুর্ঘটনা স্থলের নির্ধারিত মাত্রার থেকে যা কিছুটা বেশি।

বিপজ্জনক ভাবে বা নিয়ম না মেনে গাড়ি চালানোর অভিযোগ উডসের বিরুদ্ধে নতুন নয়। এ ছাড়াও অতীতে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। গুরুতর কোনও আঘাত না লাগায় এবং জামিন পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন উডসের ভক্তেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement