ঢাকার নিরাপত্তায় খুশি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ইংল্যান্ডের ওয়ান ডে দলের অধিনায়ক বলেন, “নিরাপত্তা ব্যবস্থা দেখে আমরা বেশ খুশি। সফরকে নিয়ে যে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল তা দূর হয়েছে। এখন শুধু ক্রিকেট নিয়েই ভাবতে চাই।” বাংলাদেশ সফরে এসে প্রথম সাংবাদিক সম্মেলনে করে এ কথা জানালেন বাটলার।
বাংলাদেশ দল নিজের মাটিতে গত ছ’টি সিরিজ জিতেছে। এ সিরিজ জেতাটা যে বড় চ্যালেঞ্জ হবে তা-ও জানিয়েছেন বাটলার। তিনি বলেন, “বাংলাদেশ শুধু যে ব্যাটসম্যানদের জন্য ম্যাচ জিতেছে তা-ই নয়, এখন পেস বোলাররাও দলকে জিতিয়ে দিতে পারেন, যেটা আগে ছিল না। তাই প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহ না করে উপায় নেই।”
গুলশনের হোলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার পর ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে আশঙ্কা দেখা দেয়। ইসিবি-র নিরাপত্তা পরিদর্শকেরা বাংলাদেশে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যান। তার পর বিসিবি-র চিন্তা বাড়ে ‘দ্য টেলিগ্রাফ’র এক প্রতিবেদনে। সেখানে দাবি করা হয়, বাংলাদেশের মাঠের বাইরের নিরাপত্তা নিয়ে খুশি নয় ইংল্যান্ড। বিশেষ করে বিমানবন্দর থেকে হোটেল এবং হোটেল থেকে মাঠ পর্যন্ত যাওয়ার সময় আশঙ্কা দেখছে তারা। কিন্তু শেষ পর্যন্ত ইসিবি থেকে জানানো হয়, নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছবে দল। সেই মতো গত ৩০ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ পৌছন ইংলিশরা।
সফরে তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে ইংল্যান্ড। টেস্ট দলের অধিনায়ক হিসেবে যথারীতি থাকছেন অ্যালিস্টার কুক। আগামী ৭ ও ৯ অক্টোবর ওয়ানডে সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১২ অক্টোবর সিরিজের শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ১টায়। অন্য দিকে, ২০ অক্টোবর চট্টগ্রামেই শুরু টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ২৮ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শেষ টেস্ট ম্যাচ। দু’টি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন