THomas Cup

অস্ট্রেলিয়াকে ৫-০ উড়িয়ে শেষ আটে লক্ষ্য-আয়ুষরা

এ বছরের প্রতিযোগিতায় প্রথম ম্যাচ খেলতে নামা এইচএস প্রণয়ও স্ট্রেট গেমে জয় পান ঋষি হন্ডা ভূপতির বিরুদ্ধে ২১-১১, ২১-১৭ ফলে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৮:৪১
Share:

দুরন্ত: স্ট্রেট গেমে জয়ের পথে আয়ুষ। ছবি: ব্যাডমিন্টন ফটো।

টমাস কাপে প্রথম ম্যাচে কানাডাকে ৪-১ হারানোর পরে সোমবার অস্ট্রেলিয়াকে ৫-০ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলল ভারতীয় দল। বুধবার ভারতীয় দল মুখোমুখি হবে চিনের। এই টাইয়ে ঠিক হবে গ্রুপ শীর্ষে কারা শেষ করবে। চিনও এর আগে অস্ট্রেলিয়াকে ৫-০ হারিয়েছিল এবং সোমবার কানাডাকে তারা হারিয়েছে ৪-১ ফলে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলেই শেষ আটে যাওয়া নিশ্চিত হবে সেটা মাথায় রেখে ভারতীয় দলে একটি মাত্র পরিবর্তন করা হয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী এইচ এস প্রণয়কে সিঙ্গলসে রাখা হয় কিদম্বি শ্রীকান্তের জায়গায়। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালিস্ট লক্ষ্য সেন ভারতীয় দলের হয়ে প্রথম ম্যাচে নামেন। তিনি ২১-১৪, ২১-১৬ ফলে হারান এফরাইম স্টিভন স্যামকে। এর পরে আয়ুষ শেট্টি ভারতকে ২-০ এগিয়ে দেন শ্রে ধন্দকে ২১-৮, ২১-৬ ফলে মাত্র ২৬ মিনিটে উড়িয়ে দিয়ে। কয়েক দিন আগেই যিনি এশীয় চ্যাম্পিয়নশিপে একাধিক প্রথম দশে থাকা খেলোয়াড় এবং বিশ্বের এক নম্বরকে হারিয়ে রুপো জিতেছিলেন।

এর পরে শুরু হয় ভারতের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির দাপট। প্রাক্তন বিশ্বসেরা ভারতীয় জুটি ২১-১৪, ২১-১৬ ফলে হারান রিজ়কি হিদায়াত-জ্যাক ইউ জুটিকে। এ বছরের প্রতিযোগিতায় প্রথম ম্যাচ খেলতে নামা এইচএস প্রণয়ও স্ট্রেট গেমে জয় পান ঋষি হন্ডা ভূপতির বিরুদ্ধে ২১-১১, ২১-১৭ ফলে। তার পরে শেষ ডাবলসে হরিহরণ আমসাকরুনান ও এমআর অর্জুনের জুটি ২১-১২, ২১-১০ ফলে আন্দিকা রামদিয়ানস ও এফরেইম স্যামকে হারিয়ে ৫-০ জয় নিশ্চিত করে ফেলেন। ২০২২ সালের চ্যাম্পিয়ন ভারতীয় দল গত বছরে কোয়ার্টার ফাইনালে চিনের কাছে হেরে গিয়েছিল। তাই বুধবার গত বারের চ্যাম্পিয়ন এবং ১১ বারের সেরাদের বিরুদ্ধে ভারতের টাই খুব গুরুত্বপূর্ণ।

এ দিকে, দু’বারের অলিম্পিক্স জয়ী পি ভি সিন্ধু বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার কাউন্সিল সদস্য হিসেবে কাজ শুরু করলেন। বিশ্ব ব্যাডমিন্টনের নিয়ামক সংস্থায় সিন্ধু প্রথমবার উপস্থিত থাকেন ২৫ এপ্রিল বার্ষিক সাধারণ সভায়। এই সভা থেকেই তাঁর কাউন্সিল সদস্য হিসেবে মেয়াদ শুরু হল। বিবৃতিতে সিন্ধু বলেন, ‘‘বিশ্ব জুড়ে খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থায় উপস্থিত থাকতে পারাটা আমার কাছে বিরাট বড় সম্মানের। ব্যাডমিন্টন আমায় অনেক কিছু দিয়েছে। এই সুযোগে কিছুটা যদি ফিরিয়ে দিতে পারি সেটা আমার কাছে বড় প্রাপ্তি।’’

সিন্ধুর কাউন্সিল সদস্য হিসেবে থাকাটা তাৎপর্যপূর্ণ। কারণ সর্বোচ্চ পর্যায়ে খেলার পাশাপাশি এক জনের বিশ্ব ব্যাডমিন্টন সংস্থায় ভোট দেওয়ার অধিকার থাকার ব্যাপারটা বিরল। কাউন্সিলের ভোটিং সদস্য হিসেবে সিন্ধু সংস্থার ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন সিদ্ধান্ত, আলোচনায় অংশ নেবেন এবং সর্বোচ্চ পর্যায়ের অ্যাথলিটদের কথা তুলে ধরবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন