আয়ুষ শেট্টি। ছবি: এক্স।
ইতিহাস গড়া হল না আয়ুষ শেট্টির। ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গেলেন ২০ বছর বয়সী ভারতীয়। সেমিফাইনালে বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে চমকে দিয়েছিলেন আয়ুষ। ফাইনালে বিশ্বের দু’নম্বর চিনের শি উই কির সামনে দাঁড়াতেই পারলেন না।
৪০ মিনিটে শেষ হয়ে গেল ফাইনাল। রবিবার নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে ফাইনালে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারলেন না আয়ুষ। ম্যাচের ফল তাঁর পক্ষে ৮-২১, ১০-২১। কির বিরুদ্ধে এর আগে দু’বার খেলেছিলেন আয়ুষ। দু’বারই হেরেছিলেন। তৃতীয় বারও পারলেন না। এ দিন ম্যাচের প্রথম থেকেই চেনা ছন্দে দেখা যায়নি। প্রতিপক্ষের কৌশল বুঝতে পারেননি ভারতীয় তরুণ। দ্বিতীয় গেমে এক সময় ৬-২ ব্যবধানে এগিয়ে ছিলেন আয়ুষ। সেই সুবিধাও কাজে লাগাতে পারেননি। কি টানা ছ’টি পয়েন্ট জিতে এগিয়ে যান। এর পর আর সুযোগ দেননি ভারতীয় তরুণকে।
চ্যাম্পিয়ন হতে না পারলেও ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠায় বিশ্ব ক্রমতালিকায় প্রথম ২০-র মধ্যে চলে আসবেন আয়ুষ। ছয় দশক পর ভারতীয় হিসাবে এই প্রতিযোগিতায় সিঙ্গলসে পদক জিতলেন। শেষ বার ১৯৬৫সালে দীনেশ খন্না পদক পেয়েছিলেন। তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। সব মিলিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ থেকে তৃতীয় পদক জিতল ভারত। ২০২৩ সালে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি।