PV Sindhu Reaches India

দুবাই থেকে দেশে ফিরলেন সিন্ধু, যুদ্ধের আতঙ্ক কাটিয়ে আপাতত বিশ্রাম, জানালেন ব্যাডমিন্টন তারকা

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেলতে গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিলেন পিভি সিন্ধু। অবশেষে দেশে ফিরতে পারলেন ভারতের ব্যাডমিন্টন তারকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১২:১৪
Share:

পিভি সিন্ধু। —ফাইল চিত্র।

যুদ্ধের দুর্যোগ কাটিয়ে দেশে ফিরলেন পিভি সিন্ধু। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেলতে গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। অবশেষে দেশে ফিরতে পারলেন তিনি।

Advertisement

দেশে ফেরার কথা মঙ্গলবার সকালে নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন সিন্ধু। লিখেছেন, ‘‘বেঙ্গালুরুতে নিজের বাড়িতে ফিরেছি এবং সুরক্ষিত আছি।’’ কতটা উৎকণ্ঠার মধ্যে ছিলেন, তা সিন্ধুর লেখাতেই বোঝা যাচ্ছে। লিখেছেন, ‘‘গত কয়েকটা দিন অত্যন্ত কঠিন ছিল। অনিশ্চয়তার মধ্যে কেটেছে। তবে অবশেষে নিজের ঘরে ফিরতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।’’

ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেককে। লিখেছেন, ‘‘দুবাই কর্তৃপক্ষ, বিমানবন্দর কর্মী, ইমিগ্রেশন বিভাগ এবং প্রতিটি মানুষ এই কঠিন সময়ে যে ভাবে এগিয়ে এসেছেন এবং আমাদের দেখাশোনা করেছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। ওঁদের সহানুভূতি এবং পেশাদারিত্ব ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ, তা অত্যন্ত মূল্যবান ছিল।’’

Advertisement

সবশেষে সিন্ধু লিখেছেন, ‘‘আপাতত বিশ্রাম নেব। এখন নিজেকে গুছিয়ে নেওয়ার এবং পরবর্তী পদক্ষেপগুলো ঠিক করার সময়।’’

দুবাই হয়ে বার্মিংহ্যামে খেলতে যাওয়ার কথা ছিল সিন্ধুর। কিন্তু তিনি দুবাইয়ে আটকে পড়েন। সব বিমান বাতিল হয়ে যায়। কোচ বিমল কুমারের গত সোমবার সকালে বার্মিংহ্যামের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তিনিও গোটা সফরই বাতিল করেছেন।

সিঙ্গলস খেলোয়াড় উন্নতি হুডা বিমানের সূচি বদলে নিয়েছেন। তিনি সিঙ্গাপুর হয়ে বার্মিংহ্যাম যাচ্ছেন। লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি, সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টি, তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদেরা বার্মিংহ্যামে পৌঁছে গিয়েছেন। মালবিকা বনসোদ জার্মানি থেকে যাচ্ছেন।

গত রবিবার দুবাইয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে সিন্ধু লিখেছিলেন, ‘‘দুর্ভোগ এখনও কাটেনি এবং পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও ভয়াবহ হয়ে উঠছে। কয়েক ঘণ্টা আগে আমরা বিমানবন্দরের যে জায়গায় আশ্রয় নিয়েছিলাম, তার খুব কাছেই একটা বিস্ফোরণ ঘটে। আমার কোচকে দ্রুত সেই এলাকা থেকে দৌড়ে বেরিয়ে আসতে হয়েছিল কারণ তিনি ধোঁয়া ও ধ্বংসাবশেষের সবচেয়ে কাছে ছিলেন। আমাদের সকলের কাছে এটা অত্যন্ত ভয়ের এবং আতঙ্কের মুহূর্ত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement