US Open 2024

ইউএস ওপেনের সেমিফাইনালে বোপান্নারা, আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি

মিক্সড ডাবলসে ইন্দোনেশিয়ার আলদিলা সুতজিয়াদির সঙ্গে জুটি বেঁধে খেলছেন রোহান বোপান্না। তাঁরা হারিয়ে দিলেন ম্যাথু এবডেন এবং বারবোরা ক্রেজিকোভাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৮
Share:

রোহান বোপান্না। —ফাইল চিত্র।

ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন রোহান বোপান্না। মিক্সড ডাবলসে ইন্দোনেশিয়ার আলদিলা সুতজিয়াদির সঙ্গে জুটি বেঁধে খেলছেন ভারতীয় টেনিস তারকা। তাঁরা হারিয়ে দিলেন ম্যাথু এবডেন এবং বারবোরা ক্রেজিকোভাকে। ৭-৬ (৭-৪), ২-৬, ১০-৭ গেমে বোপান্নারা ম্যাচ জিতে নেন। সময় নেন এক ঘণ্টা ৩৩ মিনিট।

Advertisement

প্রথম সেটে বোপান্নারা ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন। সেখান থেকে সেট টাইব্রেকারে নিয়ে যান তাঁরা। শেষ পর্যন্ত জিতেও নেন সেটটি। কিন্তু এবডেনরা সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন। তাঁরা দ্বিতীয় সেট জিতে নেন। ম্যাচ গড়ায় তৃতীয় সেটে। সেখানে টাইব্রেকারে এক সময় বোপান্নারা ৬-০ এগিয়ে গিয়েছিলেন। তার পরেও লড়াই চালিয়ে যান এবডেনেরা। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন বোপান্নারাই।

সেমিফাইনালে বোপান্নাদের খেলতে হবে ডোনাল্ড ইয়ং এবং টেলর টাউনসেন্ডের জুটির বিরুদ্ধে। ভারতীয় সময় মঙ্গলবার রাতে হবে সেই ম্যাচ। ২০১৭ সালের মিক্সড ডাবলসে ফরাসি ওপেন জিতেছিলেন বোপান্না। এ বার আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের থেকে দু’ধাপ দূরে তিনি।

Advertisement

ইউএস ওপেন থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ়। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আন্দ্রে জেরেভ খেলবেন টেলর ফ্রিৎজ়ের বিরুদ্ধে, গ্রিগর দিমিত্রভ খেলবেন ফ্রান্সেস টিয়াফোর বিরুদ্ধে, জ্যাক ড্রেপার খেলবেন অ্যালেক্স দি মিনাউরের বিরুদ্ধে এবং ইয়ানিক সিনার খেলবেন দানিল মেদভেদেভের বিরুদ্ধে।

মেয়েদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ইগা শিয়নটেক। তিনি খেলবেন জেসিকা পেগুলার বিরুদ্ধে। ক্যারোলিনা মুচোভা খেলবেন বিয়াত্রিজ হাদ্দাদ মাইয়ার বিরুদ্ধে, আরিনা সাবালেঙ্কা খেলবেন কিনওয়েন ঝেংয়ের বিরুদ্ধে এবং পাওলা বাদোসা খেলবেন এমা নাভারোর বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement