Satwiksairaj Rankireddy and Chirag Shetty

সাত্ত্বিক-চিরাগের চমক! বিশ্বের এক নম্বর জুটিকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে ভারতীয় জুটি

ব্যাডমিন্টনে চমক দেখালেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। সিঙ্গাপুর ওপেনের ফাইনালে উঠেছেন তাঁরা। সেমিফাইনালে বিশ্বের এক নম্বর জুটিকে হারিয়েছে ভারতীয় জুটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ২০:৫১
Share:

চিরাগ শেট্টি (বাঁ দিকে) ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি। ছবি: এক্স।

সিঙ্গাপুর ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। সেমিফাইনালে চমক দেখিয়েছেন তাঁরা। ৫২ মিনিটের লড়াইয়ে বিশ্বের এক নম্বর জুটি দক্ষিণ কোরিয়ার কিম ওন হো ও সিয়ো সিয়াং জায়েকে হারিয়েছে ভারতীয় জুটি।

Advertisement

শনিবার সেমিফাইনালে স্ট্রেট গেমে (২১-১৯, ২১-১৮) জিতেছেন সাত্ত্বিক-চিরাগ। তবে দু’টি গেমেই লড়ে জিততে হয়েছে তাঁদের। প্রথম গেমের মাঝামাঝি সময়ে ১১-১৩ পয়েন্টে পিছিয়ে ছিলেন সাত্ত্বিকেরা। কিন্তু লড়াই ছাড়েননি তাঁরা। শেষ দিকে এগিয়ে যান তাঁরা। শেষ পর্যন্ত ২১-১৯ পয়েন্টে প্রথম গেম জিতে নেয় ভারতীয় জুটি।

দ্বিতীয় গেমেও একই ছবি দেখা যায়। মাঝামাঝি সময়ে ১১-১৪ পিছিয়ে ছিলেন সাত্ত্বিকেরা। দেখে মনে হচ্ছিল, খেলা তৃতীয় গেমে নিয়ে যাবে দক্ষিণ কোরিয়ার জুটি। কিন্তু সেই পরিস্থিতিতেও আগ্রাসী ব্যাডমিন্টন খেলে এগিয়ে যান সাত্ত্বিকেরা। তাঁদের আর ধরতে পারেননি কিমেরা। ২১-১৮ পয়েন্টে ম্যাচ জিতে ফাইনালে ওঠে ভারতীয় জুটি।

Advertisement

এই প্রথম কোনও ভারতীয় জুটি সিঙ্গাপুর ওপেনের ফাইনালে উঠল। অপর সেমিফাইনালে মুখোমুখি ইন্দোনেশিয়ার ফজ়র আলফান ও মুহাম্মদ শোহিবুল ফিকরি এবং চিনের লিয়াং ওয়েই কেং ও ওয়াং চ্যাং। এই ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে রবিবার ফাইনালে নামবে ভারতীয় জুটি।

দিনের শুরুতে মিক্সড ডাবলসের সেমিফাইনালে হারতে হয়েছে ভারতের ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টোকে। জাপানের ইয়ুচি শিমোগামি ও সায়াকা হোবারার কাছে তিন গেমের লড়াইয়ে (১৬-২১, ২১-১৭, ১৩-২১) হেরেছে ভারতীয় জুটি। প্রতিযোগিতায় চমক দেখাচ্ছিলেন ধ্রুবরা। কিন্তু সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে তাঁদের। এ বার সব নজর সাত্ত্বিকদের দিকে। চ্যাম্পিয়ন হতে পারলে ইতিহাস গড়বেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement