বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
জল্পনা সত্যি হল। এশিয়ান গেমসের দলে জায়গা পেলেন না ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। নেই শুভমন গিলও। সুযোগ পেয়েছে আইপিএলে নজরকাড়া বৈভব সূর্যবংশী। আরও কয়েক জন তরুণ ক্রিকেটারকে দলে জায়গা দেওয়া হয়েছে।
১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানে হবে এশিয়ান গেমস। সেই প্রতিযোগিতার জন্য প্রাথমিক দল জানাতে হত ভারতকে। শনিবার ভারতীয় অলিম্পিক্স সংস্থাকে ৩০ জনের নাম জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
২৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে তাদের বিরুদ্ধে তিন এক দিনের ম্যাচ ও পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলবে ভারত। যেহেতু সেই সময়ই এশিয়ান গেমস, তাই দু’টি দল গড়তে হবে ভারতকে। ৩০ জনের যে দলের নাম দেওয়া হয়েছে, সেখান থেকেও কয়েক জন ক্রিকেটারকে ওয়েস্ট ইন্ডিজ়ে পাঠানো হবে। শেষ পর্যন্ত হয়তো ১৮ জনের দল যাবে এশিয়ান গেমসে। অর্থাৎ, ৩০ জন ক্রিকেটারকে দু’টি দলে ভাগ করা হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সূর্য জানিয়েছিলেন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স ও সেই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা তাঁর লক্ষ্য। কিন্তু তত দিন তিনি অধিনায়ক থাকবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। আগামী দু’বছরের কথা ভেবে নতুন হাতে দায়িত্ব দিতে পারে বোর্ড।
সূর্যের মতো শুভমনকেও এশিয়ান গেমসের দলে নেওয়া হয়নি। ওয়েস্ট ইন্ডিজ় সফরে টি-টোয়েন্টি দলে থাকতে পারেন তিনি। এ বারের আইপিএলে তাঁর সাফল্যের কথা মাথায় রেখে সেখানে তাঁকে অধিনায়ক করতে পারেন গৌতম গম্ভীর, অজিত আগরকরেরা। ভারতের বাকি দুই ফরম্যাটে শুভমন অধিনায়ক। এই দেশে সাধারণত তিন ফরম্যাটে একই অধিনায়কের রীতি রয়েছে। সেই রীতি মেনে শুভমনকে দায়িত্ব দিতে পারে বোর্ড।
এশিয়ান গেমসের যে দল ঘোষণা করা হয়েছে, তা দেখে মনে হচ্ছে, শ্রেয়সকে অধিনায়ক করা হতে পারে। যদি শ্রেয়স এশিয়ান গেমসে সাফল্য পান, তা হলে ভারতের প্রধান টি-টোয়েন্টি দলে ঢুকে পড়তে পারেন তিনি। বাড়তি দায়িত্বও দেওয়া হতে পারে এই মিডল অর্ডার ব্যাটারকে।
ভারত ‘এ’ দলের পর এ বার সিনিয়র দলেও সুযোগ পেয়েছে বৈভব। এশিয়ান গেমসে তাকে খেলিয়ে দেখে নিতে চাইছে বোর্ড। যদি সেখানে বৈভব সাফল্য পায়, তা হলে ভারতের সিনিয়র দলে সুযোগ পেতে পারে সে। এখন থেকেই বৈভবকে ভারতীয় দলে খেলানোর প্রস্তাব দিচ্ছেন বিশেষজ্ঞেরা। ফর্মে থাকতে থাকতেই তাকে জাতীয় দলে দেখা যেতে পারে।
এশিয়ান গেমসের যে প্রাথমিক দল জানানো হয়েছে, সেখানে কেকেআরের চার ক্রিকেটার রয়েছেন। রিঙ্কু সিংহ, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী আগেই ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। পাশাপাশি অনুকূল রায়কেও নেওয়া হয়েছে দলে।
যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, তিলক বর্মা, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, আয়ুষ বদোনি, হর্ষ দুবে, ধ্রুব জুরেল, খলিল আহমেদ, রুতুরাজ গায়কোয়াড়, রবি বিশ্নোই, শাহবাজ় আহমেদ, শিবম দুবে, বিপরাজ নিগম, হর্ষিত রানা, যশ ঠাকুর, ওয়াশিংটন সুন্দর।