IPL 2026

ইংরেজ ক্রিকেটারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ রাজস্থানের কোচের, বোর্ডকে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ সঙ্গকারার

ইংরেজ ক্রিকেটার স্যাম কারেনের প্রতি ক্ষোভ উগরে দিলেন রাজস্থানের কোচ কুমার সঙ্গকারা। তাঁর অভিযোগ, চোটের কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কারেন। কিন্তু এখন তিনি কাউন্টি ক্রিকেট খেলেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৭:২৭
Share:

স্যাম কারেন। — ফাইল চিত্র।

আইপিএল থেকে বিদায় নেওয়ার পরেই ইংরেজ ক্রিকেটার স্যাম কারেনের প্রতি ক্ষোভ উগরে দিলেন রাজস্থানের কুমার সঙ্গকারা। তাঁর অভিযোগ, চোটের কারণে পুরো মরসুম ছিটকে যাওয়ার কথা বলে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কারেন। কিন্তু এখন তিনি কাউন্টি ক্রিকেট খেলেছেন। একে মিথ্যাচারের সঙ্গে তুলনা করে ভারতীয় বোর্ডকে ব্যবস্থা নিতে বলেছেন সঙ্গকারা।

Advertisement

শুক্রবার সঙ্গকারা বলেন, “আমাদের বলা হয়েছিল মরসুম শেষ হয়ে যাওয়ার মতো চোট পেয়েছে কারেন। কিন্তু সারের হয়ে ওকে দু’-তিনটে ম্যাচ খেলতে দেখেছি। খুব হতাশাজনক। এখানে এসে আমাদের হয়ে খেলতে দেখলে ভাল লাগত। কিন্তু পরিবর্ত হিসাবে দাসুন শনাকাকে বেছে নিতে বাধ্য হয়েছিলাম আমরা।”

সঙ্গকারার সংযোজন, “একটা সঠিক, কঠোর নীতি থাকা সব সময়েই দরকার। বিসিসিআইয়ের কঠোর নীতি রয়েছে। সকলেই চোট পায়। যদি সত্যিই গুরুতর এবং মরসুম শেষ হয়ে যাওয়ার মতো চোট পেত, তা হলে নিশ্চয়ই বুঝতাম।”

Advertisement

সারের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন কারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি বল করেননি। চোট দেখিয়ে আইপিএল থেকেও সরে গিয়েছিলেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলায় ক্ষুব্ধ সঙ্গকারা। রাজস্থানের বিদায়ের নেপথ্যে দলের চোট-আঘাতকেই দায়ী করেছেন সঙ্গকারা। তবে এই প্রসঙ্গেও কারেনকে খোঁচা দিতে ছাড়েননি তিনি।

সঙ্গকারা বলেছেন, “বেশ কিছু চোট-আঘাত ছিল দলে। দলে অ্যাডাম মিলনে, হেটমায়ারের মতো ক্রিকেটার ছিল যারা খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। ছিল লুয়ানদ্রে প্রিটোরিয়াস, কোয়েনা মাফাকাও। ওরা পরিশ্রম করেছে, অনুশীলন করেছে। দলের জন্য জল বয়েছে। বাকিদের মতো পরিশ্রম করেছে। কে দলে আসতে চায়, দলের সঙ্গে থাকতে চায় সেটা সেই ক্রিকেটারের উপরেই নির্ভর করছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement