News Of The Day

শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রথম দিনই নামছে ভারত। এসআইআরের শুনানির দিন বৃদ্ধি হবে কি। আর কী কী নজরে

আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনই নামছে সূর্যকুমার যাদবের ভারত। গত বারের চ্যাম্পিয়ন ভারতকে প্রথম ম্যাচে খেলতে হবে আমেরিকার বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনই নামছে সূর্যকুমার যাদবের ভারত। গত বারের চ্যাম্পিয়ন ভারতকে প্রথম ম্যাচে খেলতে হবে আমেরিকার বিরুদ্ধে। বিশ্বকাপ শুরু হওয়ার এক দিন আগে ধাক্কা খেয়েছে ভারত। চোটের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। তাঁর জায়গায় মহম্মদ সিরাজকে নেওয়া হবে বলে শোনা যাচ্ছে। মুম্বইয়ে ভারতের ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। তার আগে রয়েছে আরও দু’টি ম্যাচ। সকাল ১১টায় নামছে পাকিস্তান। কলম্বোয় তাদের খেলা নেদারল্যান্ডসের বিরুদ্ধে। বিকেল ৩টেয় কলকাতার ইডেনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় বনাম স্কটল্যান্ড খেলা। সব ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানির শেষ দিন। তবে অনেক জায়গায় এখনও শুনানি শেষ হয়নি। শুনানির দিন বৃদ্ধি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে জানিয়েছেন কয়েক জন জেলাশাসক। সিইও দফতর সূত্রে খবর, শুনানি এখনও শেষ হয়নি এমন বিধানসভাভিত্তিক তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। সে ক্ষেত্রে ২-৩ দিন শুনানির সময় বাড়তে পারে। তবে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আজ রাজ্যে শুনানির দিন বৃদ্ধি নিয়ে কমিশন কোনও সিদ্ধান্ত জানায় কি না সে দিকে নজর থাকবে।

Advertisement

নাটকীয় কিছু না ঘটলে সপ্তদশ বিধানসভার অধিবেশন পর্ব শেষ হয়ে হবে আজ। হাওড়া পুরসভার ভোটের জট কাটাতে আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় অধিবেশন শুরুর আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে কার্য বিবরণী কমিটির বৈঠক বসে। সেই বৈঠকে ঠিক হয়েছে, বিধানসভা অধিবেশনের শেষ দিন আজ দ্বিতীয়ার্ধে ‘হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল ২০২৬’ পেশ করা হবে। পাশাপাশি, আজ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদল করে মুর্শিদাবাদ রাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ‍্যালয় করা হচ্ছে।

শুক্রবার রঞ্জি ট্রফিতে একসঙ্গে শুরু হয়েছে চারটি কোয়ার্টার ফাইনাল। প্রথম দিনই পড়েছে ৩৮টি উইকেট। শেষ হয়ে গিয়েছে তিনটি দলের প্রথম ইনিংস। কল্যাণীতে বাংলা মুখোমুখি অন্ধ্রপ্রদেশের। দিনের শেষে অন্ধ্র ৬ উইকেটে ২৬৪। কর্নাটকের বিরুদ্ধে মুম্বই প্রথম দিনই ১২০ রানে শেষ হয়ে গিয়েছে। জবাবে কর্নাটক দিনের শেষে ২ উইকেটে ১১০। জম্মু ও কাশ্মীরকে ১৯৪ রানে শেষ করে দিয়ে মধ্যপ্রদেশ তুলেছে বিনা উইকেটে ২৮ রান। উত্তরাখন্ডের বিরুদ্ধে ঝাড়খন্ড শেষ হয়ে গিয়েছে ২৩৫ রানে। আজ দ্বিতীয় দিনের খেলা।

আজ মাধ্যমিকের চতুর্থ দিনের পরীক্ষা। রয়েছে ভূগোল পরীক্ষা। শুক্রবার ইতিহাস পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহারের জন্য ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষা বাতিল করল পর্ষদ। তিন দিনে মোট ১৯টি মোবাইল ধরা পড়ল।

মাঘ ফুরিয়ে এল প্রায়। শীতেও ভাটা পড়ে গিয়েছিল। কিন্তু ফের তাপমাত্রা কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে তাপমাত্রা কমতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র ফের ফিরতে পারে শীতের আমেজ। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় অন্তত দুই ডিগ্রি কমবে তাপমাত্রা। অর্থাৎ, কলকাতায় ফের ১৩ ডিগ্রির ঘরে নামতে পারে পারদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement