শিলিগুড়িতে জুনিয়র ফুটবলারদের সঙ্গে ইয়াং হিউম এবং অর্ণব মণ্ডল। ছবিটি তুলেছেন বিশ্বরূপ বসাক।
শিলিগুড়িতে অনুশীলন ম্যাচ খেলা হল না অ্যাটলেটিকো দ্য কলকাতার। শনিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ভুটান একাদশ বা বাংলাদেশের একটি দলের সঙ্গে ওই ম্যাচের কথা ছিল ইন্ডিয়ান সুপার লিগে গত বারের চ্যাম্পিয়ন দল অ্যাটলেটিকোর।
ইন্ডিয়ান সুপার লিগের ‘বিজনেস প্রোমোর’ শ্যুটিংয়ে দলকে চলে যেতে হয়েছে। তাতে ম্যাচটি বাতিল হয়। এ দিনের প্রস্তুতি ম্যাচ না হওয়ায় কিছুটা আক্ষেপ রয়েছে অর্ণব মণ্ডলদের। তিনি বলেন, ‘‘আমরা গত বারের বিজয়ীর খেতাব এ বারও ধরে রাখতে চাই। দলে গত বারের অনেকে নেই। তাতে সমস্যা হবে না। সে ভাবেই কোচ এবং টিম ম্যানেজমেন্ট ফুটবলার রেখেছেন। তবে শিলিগুড়িতে প্রস্তুতি ম্যাচ হলে ভাল হত।’’
তবে দলের দুই ফুটবলার ইয়াং হিউম এবং অর্ণব মণ্ডল এ দিন শিলিগুড়িতে ছিলেন। ছিলেন দলের ডিরেক্টর সুব্রত তালুকদার। হিউম গত বছর সর্বোচ্চ গোলদাতা ছিলেন আইসিএল-এ। খেলেছিলেন কেরলা ব্লাস্টার্সের হয়ে। আগামী ৩ সেপ্টেম্বর চেন্নাইয়িং এফসি’র সঙ্গে তাদের প্রথম ম্যাচ রয়েছে।
তার আগে অবশ্য রবিবার মোহনবাগান মাঠে এরিয়ানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। হত বছর দলের কয়েকজন সফল ফুটবলার এ বার থাকছে না।
টিমের ডিরেক্টর সুব্রতবাবু জানান, এ বছর তারা নিজেরেই দলের ফুটবলার ঠিক করেছেন। গত বারের মতো দল তৈরির ক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগ কর্তৃপক্ষের কোনও ভূমিকা নেই। তাই ভাল ভাবেই দল তৈরি করা সম্ভব হয়েছে। তবে সেই সুবিধা অন্য দলগুলিও পেয়েছে।
হিউম বলেন, ‘‘গত বছরের মতো এ বারও ভাল পারফরম্যান্স করতে চাই। আমি প্রস্তুত। আশা করি ভাল কিছু করে দেখাতে পারব।’’
গত বছর কেরলা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন হিউম। এবার নতুন দলে। গত বার ফাইনালে তাদের হারিয়েছিল অ্যাটলেটিকো। এ দিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ওই ফুটবলারদের নিয়ে হইচই পড়ে মহকুমা ক্রীড়া পরিষদের জুনিয়র ফুটবলার মধ্যে। তাদের মধ্যে এ দিন জার্সি বিলি করেন অ্যাটলেটিকোর ফুটবলার এবং কর্মকতার্রা।
সুব্রতবাবু জানান, তারা কলকাতায় দ্রুত ফুটবল অ্যাকাডেমি চালু করতে চলেছেন। সে জন্য পাঁচজন কোচও ঠিক করা হয়েছে। তারা উত্তরবঙ্গে কোচবিহার,। জলপাইগুড়ির মতো এলাকা থেকে উঠতি ফুটবলার বাছবেন। তাদের প্রক্ষিক্ষণের ব্যবস্থা করবেন। স্পেনে মাদ্রিদে পাঠিয়ে প্রশিক্ষণও দেবেন। এ বছর জুনিয়র ফুটবলার বাছতে কোচবিহার জলপাইগুড়িতে শিবির করার কথা থাকলেও বৃষ্টির জন্য হয়নি। আগামী জানুয়ারিতে তারা করার কথা ভেবেছেন।