—প্রতীকী চিত্র।
সেলে সস্তায় আইফোন কেনার দিন শেষ। আইপ্যাড বা ম্যাকবুক পেতেও দিতে হবে বেশি টাকা। ইতিমধ্যেই তা ঘোষণা করে দিয়েছে এগুলির নির্মাণকারী সংস্থা অ্যাপ্ল। কোন ডিভাইসের দাম কতটা বাড়াচ্ছে এই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট? আনন্দবাজার ডট কম-এর প্রতিবেদনে রইল তার হদিস।
বিশ্লেষকদের দাবি, এত দিন পর্যন্ত আইফোনের চিপ ও মেমোরির জন্য গড়ে ৫,০০০ টাকা খরচ করছিল অ্যাপ্ল। কিন্তু, কিছু দিনের মধ্যে এই ডিভাইসের ১৮ নম্বর সিরিজ় বাজারে আনবে তারা। তার চিপ ও মেমোরি বাবদ ১৮,৭৩৩ টাকা ব্যয় করতে হচ্ছে তাদের। একই কথা আইপ্যাড বা ম্যাকবুকের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এগুলির দাম বাড়াতে বাধ্য হচ্ছে ওই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট।
এ ব্যাপারে অবশ্য কোনও রকম রাখঢাক করেননি অ্যাপ্লের চিফ এগ্জ়িকিউটিভ অফিসার (সিইও) টিম কুক। তিনি জানিয়েছেন, র্যাম ও স্টোরেজের দাম যথেষ্টই বেড়েছে। ফলে লাভের অঙ্ক ঠিক রাখতে আইফোন, আইপ্যাড বা ম্যাকবুকের মতো ডিভাইসগুলির মূল্যবৃদ্ধি করতে হচ্ছে তাদের।
পশ্চিমি গণমাধ্যমগুলির দাবি, আইফোন-১৮তে কৃত্রিম মেধা প্রযুক্তির উপর (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) বেশ জোর দিয়েছে অ্যাপ্ল। ফলে এই সিরিজ়ের প্রতি ফোনে থাকবে কমপক্ষে ১২ জিবি র্যাম। ফোনের দাম বাড়ার সেটাও একটা কারণ। তবে ১৭ সিরিজ়ের ফোন এখনও সস্তায় পাওয়ার সুযোগ রয়েছে গ্রাহকের।
বিশেষজ্ঞদের অনুমান, আইফোন-১৮র বেস মডেলের দাম দাঁড়াবে ১.১০ লাখ থেকে ১.২০ লাখ টাকা। সেই খরচ করতে না চাইলে এখনই ১৭ সিরিজ়ের ফোন কেনার পরামর্শ দিয়েছেন তাঁরা। এ ছাড়া ম্যাকবুক বা আইপ্যাডের পুরনো মডেল সস্তায় পেতে পারেন তাঁরা।