Nothing Smartphone

সস্তায় বিক্রি করা অসম্ভব, বাজারে আসছে না সিএমএফ প্রো! দুধের স্বাদ ঘোলে মেটাতে গ্রাহকদের কী দিচ্ছে নাথিং?

সেমিকন্ডাক্টর-সহ একাধিক যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির জেরে সিএমএফ প্রো মডেলের স্মার্টফোন বাজারে আনছে না নাথিং। সেই জায়গা ফোর-এ নামের একটি মুঠোবন্দি ডিভাইস আনছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৮:৩৬
Share:

—প্রতীকী চিত্র।

স্মার্টফোনের বাজারে ডামাডোল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে র‌্যাম, রম-সহ গুরুত্বপূর্ণ চিপ ও যন্ত্রাংশের দাম। ফলে মুঠোবন্দি ডিভাইস কিনতে বেশি খরচ করতে হচ্ছে আমজনতাকেও। এই পরিস্থিতিতে বাজারে নতুন পণ্য আনার ব্যাপারে বড় সিদ্ধান্ত নিল নাথিং নামের সংস্থা, যেটা গ্রাহকদের হতাশ করেছে বললে অত্যুক্তি হবে না।

Advertisement

বর্তমানে বাজারে রয়েছে নাথিং স্মার্টফোনের সিএমএফ মডেল। কিছু দিনের মধ্যেই এর উন্নত সংস্করণ সিএমএফ প্রো নিয়ে আসার কথা ছিল তাদের। সূত্রের খবর, আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংশ্লিষ্ট ব্রিটিশ সংস্থা। চিপ ও যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির জেরে সস্তায় যে ডিভাইস বিক্রি করা সম্ভব নয়, তা ভালই বুঝেছে নাথিং। তাই এই পদক্ষেপ বলে সূত্র মারফত মিলেছে খবর।

সিএমএফ প্রো বাতিল হলেও ফোর-এ নামের একটি স্মার্টফোন বাজারে আনছে নাথিং। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তার টিজ়ার। সেখানে ডিভাইসটির পিঠের দিকে (পড়ুন ব্যাকসাইড) একটি মাত্র ক্যামেরা দেখা গিয়েছে। ফলে ফোনটা কতটা আমজনতা পছন্দ করবে, তা নিয়ে বেশ সন্দিহান বিশেষজ্ঞমহল।

Advertisement

অন্য দিকে ১৮ সিরিজ়ের আইফোনের দাম বৃদ্ধি করেছে অ্যাপ্‌ল। তবে ১৭ সিরিজ়ের কোনও আইফোনেরই বাড়ছে না দাম। উল্টে আইফোন ১৭ প্রো বা আইফোন ১৭ প্রো ম্যাক্সে ছাড়ের সুযোগ পাবেন গ্রাহক। ফলে আপাতত সস্তায় কেনা যাবে ওই ডিভাইস।

মূল্যবৃদ্ধির পাশাপাশি আইফোন ১৮ সিরিজ়ে একটা বড় বদল আনছে অ্যাপ্‌ল। সেটা হল সংশ্লিষ্ট ফোনগুলিতে ১২ থেকে ১৬ জিবি র‌্যাম (র‌্যান্ডাম অ্যাক্সিস মেমরি) পাবেন গ্রাহক। টেক বিশ্লেষকদের অনুমান, ১৮ সিরিজ়ের আইফোনে থাকবে উন্নত কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি। আর সেটা গুগ্‌ল জেমিনাই হওয়ার সম্ভাবনাই বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement