রামায়ণযাত্রার জন্য খরচ কত পড়বে? ছবি: সংগৃহীত।
ভারতের বিভিন্ন তীর্থস্থানে ঘুরতে যাওয়ার জন্য আগ্রহ বাড়ছে পর্যটকদের মধ্যে। বারাণসী, হৃষীকেশ, তিরুপতি, অযোধ্যায় সারা বছর ধরেই চোখে পড়ছে পর্যটকদের ভিড়। শুধু দেশের মানুষই নন, সারা বছর ধরে অনেক বিদেশিও আসেন ভারতে। কেউ ধর্ম করতে আসেন, কেউ আবার আসেন যোগাসনের মাধ্যমে শরীর ফিট রাখতে। ভারতে তীর্থভ্রমণকে আরও গুরুত্ব দিতে ট্রেনে শুরু হচ্ছে পঞ্চম ‘শ্রী রামায়ণযাত্রা’৷ আইআরসিটিসি (ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) আগামী ৩০ মার্চ থেকে শুরু করছে এই ‘যাত্রা’৷ টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
মোট ১৬ রাত ও ১৭ দিনের এই ভ্রমণে রামচন্দ্রের কাহিনির সঙ্গে যুক্ত বহু ঐতিহাসিক ও ধর্মীয় স্থান পরিদর্শনের সুযোগ থাকবে। এই যাত্রাপথে ট্রেন থামবে অযোধ্যা, নন্দীগ্রাম, সীতামঢ়ী, জনকপুর, বক্সার, বারাণসী, প্রয়াগরাজ, শৃঙ্গভেরপুর, চিত্রকূট, নাসিক, হাম্পি এবং রামেশ্বরমের মতো গুরুত্বপূর্ণ স্থানে। পর্যটন মন্ত্রকের স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে এই সফরে রাম, সীতা ও লক্ষ্মণের নামের সঙ্গে যুক্ত স্থানে ভ্রমণের ব্যবস্থা করা হয়।
কী কী সুবিধা পাবেন যাত্রীরা?
আইআরসিটিসি-র তরফে জানানো হয়েছে, ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনেই হবে যাত্রীদের সফর। আধুনিক সুযোগসুবিধায় পরিপূর্ণ এই ট্রেনে যাত্রীদের আরাম ও নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ট্রেনটিতে তিন ধরনের কেবিন রয়েছে—ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি। এছাড়াও ট্রেনে রয়েছে আধুনিক রান্নাঘর, দুটি রেস্তরাঁ, সেন্সরভিত্তিক ওয়াশরুম ব্যবস্থা, শাওয়ার কিউবিকল, ফুট ম্যাসাজার, সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তার জন্য প্রতিটি কোচে সিকিউরিটি গার্ড।
কোন কোন ধর্মীয় স্থান দেখানো হবে?
বক্সার: রামরেখা ঘাট, রামেশ্বর নাথ মন্দির।
বারাণসী: তুলসী মানস মন্দির, সঙ্কট মোচন মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির এবং গঙ্গা আরতি।
সীতামঢ়ী (উত্তরপ্রদেশ): সীতা সমাধি স্থল।
প্রয়াগরাজ: ত্রিবেণী সঙ্গম, হনুমান মন্দির এবং ভরদ্বাজ আশ্রম।
শৃংবেরপুর: শৃংগী ঋষি মন্দির।
চিত্রকূট: গুপ্ত গোদাবরী, রাম ঘাট এবং সতী অনসূয়া মন্দির।
নাসিক: ত্র্যম্বকেশ্বর মন্দির, পঞ্চবটী এবং কালারাম মন্দির।
হাম্পি: অঞ্জনাদ্রি পাহাড়, বিরূপাক্ষ মন্দির এবং বিঠল মন্দির।
রামেশ্বরম: রামনাথস্বামী মন্দির এবং ধনুষকোডী।
খরচ কত?
থার্ড এসির জন্য মাথাপিছু ভাড়া ১,১৪,১০০ টাকা, সেকেন্ড এসি-র জন্য ১,৫১,২২৫ টাকা এবং ফার্স্ট এসি-র জন্য ১,৬৪,৯৪০ টাকা। ট্রিপল অকুপেন্সিতে সর্বনিম্ন খরচ ১,১১,৬৩০ টাকা।
এই প্যাকেজের মধ্যে রয়েছে নির্ধারিত শ্রেণির ট্রেনযাত্রা, থ্রি স্টার হোটেলে থাকা, নিরামিষ খাবার, এসি কোচে স্থানীয় ভ্রমণ, ট্রাভেল ইন্স্যুরেন্স এবং আইআরসিটিসি ট্যুর ম্যানেজারের পরিষেবা। মোট প্রায় ১৫০ জন যাত্রী এই আধ্যাত্মিক যাত্রায় যোগ দিতে পারবেন।
ট্রেনটি যাত্রা শুরু করবে দিল্লির সফদরজঙ্গ স্টেশন থেকে। প্রথমেই যাবে অযোধ্যা। তার পরে বিহারের বক্সার হয়ে জনকপুর। এর পরে বারাণসী, নাসিক, হাম্পি হয়ে দক্ষিণের রামেশ্বরমে যাবে রামায়ণ সার্কিট ট্রেন।