ছবি: সংগৃহীত।
বিরল রোগে ভুগছে ন’বছরের নাতি। তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল টাকার। সেই টাকা জোগাড় করার জন্য অভিনব উপায় বার করলেন এক বৃদ্ধ। সমাজমাধ্যমে সৌন্দর্য ও রূপটান সংক্রান্ত নানা ভিডিয়ো তৈরি করে নেটপ্রভাবী হওয়ার চেষ্টা করছেন তিনি। সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি চিনের। ৭৫ বছর বয়সে তিনি নাবালকের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে নেটপ্রভাবী হতেও পিছপা হননি।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, পূর্ব চিনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা ঝু ইউনচাং, তাঁর ন’বছর বয়সি নাতি কাও জিংইয়ানের জন্য টাকা রোজগারের জন্য এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন। বৃদ্ধের নাতি একটি বিরল রোগে ভুগছে। ঝু দিনের বেলা জিংইয়ানের দেখাশোনা করেন এবং রাতে লাইভ-স্ট্রিম করেন। প্রায়শই মধ্যরাতে এই কাজ করেন তিনি। এই কাজে তাঁর স্ত্রী তাকে সঙ্গ দেওয়ার জন্য জেগে থাকেন। লাইভ-স্ট্রিম চলাকালীন দর্শক প্রায়ই এই বয়স্ক মানুষটিকে অন্যান্য নেটপ্রভাবীদের মতো নয় বরং অপটু হাতে মুখে মেকআপ করতে দেখেন। জিংইয়ানের চিকিৎসার জন্য প্রায় ১৪ লক্ষ ইউয়ান খরচ হয়। জিংইয়ানের বয়স যখন ছ’মাস, তখন তার স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) রোগটি ধরা পড়ে। এটি একটি বিরল জিনগত রোগ যা মেরুদণ্ডের স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে। ক্রমশ পেশি দুর্বলতা ও শ্বাসকষ্ট দেখা দেয়।
চিকিৎসার খরচ জোগাতে ঝু তার ফ্ল্যাট বিক্রি করে আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করেন। তাঁর মেয়ে দিনের বেলায় কাজ করতেন এবং সন্ধ্যায় লাইভ-স্ট্রিম করতেন। যেহেতু কোনও সংস্থা ৭০-এর কোঠায় থাকা কোনও ব্যক্তিকে পণ্যের প্রচারের জন্য নিয়োগ দিতে রাজি ছিল না, তাই ঝু তাঁর মেয়ের কিনে দেওয়া সৌন্দর্যপণ্য দিয়ে লাইভ-স্ট্রিম করা শুরু করেন। বৃদ্ধের মেয়ে ঝু ওয়েই জানান যে, তাঁর বাবা তাঁর চেয়েও ভাল মেকআপ করতে পারেন।