ছবি: সংগৃহীত।
আমেরিকা-ইজ়রায়েল বনাম ইরান। পশ্চিম এশিয়া জুড়ে সংঘাতের আবহে নেপথ্যের তিন জন রাজনৈতিক ব্যক্তিত্বের জন্মদিন ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এঁরা তিন জনই যে দিনে জন্মগ্রহণ করেছিলেন, সে দিন পৃথিবীতে ছিল গ্রহণ। পেশাদার জ্যোতিষী ক্রিস ব্রেনান এক্স মাধ্যমে এই দাবি তুলেছেন। পোস্টটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই নেটাগরিকদের নজর কেড়েছে। ভাইরাল হয়েছে পোস্টটি। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার জট কম।
ভাইরাল সেই পোস্টে দাবি করা হয়েছে, সকলেই গ্রহণের দিনে জন্মগ্রহণ করেছিলেন। ক্রিস কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট গ্রোককে ট্যাগ করে এর ব্যাখ্যা চেয়েছিলেন। তিনি পোস্টে লিখেছেন, বর্তমান যুদ্ধের তিন জন বিশ্বনেতার জন্মগ্রহণের দিনে গ্রহণ হয়েছিল। ট্রাম্প জন্মেছিলেন ১৪ জুন, ১৯৪৬ সালে। ওই দিন ছিল চন্দ্রগ্রহণ। ১৯৪৯ সালে ২১ অক্টোবর যে দিন নেতানিয়াহু জন্মান, সে দিন ছিল সূর্যগ্রহণ। খামেনেইয়ের জন্ম হয় ১৯৩৯ সালের ১৯ এপ্রিল। সে দিনটিতেও ছিল সূর্যগ্রহণ। ক্রিস এই তথ্যগুলি গ্রোককে যাচাই করতে বলেছিলেন। গ্রোক তিন নেতার জন্মতারিখ পরীক্ষা করে ব্যবহারকারীর বক্তব্য নিশ্চিত করেছে। ১৯৪৬ সালের ১৪ জুন পূর্ণ চন্দ্রগ্রহণ ছিল। ১৯৪৯ সালের ২১ অক্টোবর জন্মগ্রহণকারী নেতানিয়াহুর জন্মের দিন আংশিক সূর্যগ্রহণ হয়েছিল। ১৯৩৯ সালের ১৯ এপ্রিল এই দিনটিতে বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়েছিল।
ক্রিসের পোস্টটি ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখেছেন। ১০ হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। পোস্টটি দেখার পর প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইক্লিপস ওয়াইজ়ের একটি প্রতিবেদন অনুসারে, ১৯৪৬ সালের ১৪ জুন শুক্রবার পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটেছিল। নাসার তথ্য অনুযায়ী, ১৯ এপ্রিল, ১৯৩৯ তারিখে বলয়াকার সূর্যগ্রহণ ঘটেছিল।