viral video

এসির উপর থেকে উঁকি দিচ্ছে সাত ফুটের সাপ! দর্শন মিলতেই আতঙ্ক ছড়াল মুম্বইয়ের অভিজাত এলাকায়

মুম্বইয়ের ভিলে পার্ল ইস্টে একটি বাতানুকূল যন্ত্রের উপরে সাত ফুট লম্বা একটি সাপকে বিশ্রাম নিতে দেখা গিয়েছে। দৃশ্য দেখে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সাপটিকে উদ্ধার করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মুম্বই বিমানবন্দর এলাকায় শীতাতপ যন্ত্রের উপর উপর দেখা মিলল বিশাল এক সাপের। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের ভিলে পার্ল (পূর্ব) এলাকার এয়ার ইন্ডিয়া ৩ নম্বর গেটের কাছে সাপটিকে শুয়ে থাকতে দেখা যায়। গত ১৯ ফেব্রুয়ারির ঘটনা। স্থানীয়েরা ঘটনাটি ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে প্রকাশ করেন। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রায় সাত ফুট লম্বা সাপটি বাতানুকূল যন্ত্রের উপর বিশ্রাম নিচ্ছে। মাঝে মাঝে উৎসুক জনতার দিকে গলা বাড়িয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল সে। বাসিন্দা এবং পথচারীরা বাতানুকূল যন্ত্রের উপরে বিশাল সরীসৃপটিকে দেখে হতবাক হয়ে যান। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয়, সাপটিকে ঘূর্ণায়মান পাখার ঠিক নীচে এসির উপরে কুণ্ডলী পাকিয়ে থাকতে দেখা গিয়েছে। কোলাহল সত্ত্বেও এসির উপর থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছিল না সাপটি। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘সত্যভারতম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা বহু মানুষ দেখেছেন।

সংবাদ প্রতিবেদন অনুসারে, সাপ বেরনোর খবর পেয়ে ‘দ্য হোপ ফর অ্যানিমেলস ওয়েলফেয়ার ট্রাস্টের’ একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছোয়। বন্যপ্রাণী উদ্ধারের সতর্কতা অবলম্বন করে দলের সদস্যেরা সাবধানে সাপটিকে সরিয়ে ফেলেন। সাপটিকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। সাপটিকে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। উদ্ধারকারী দলটি তাঁদের আশ্বস্ত করে জানায়, এটি একটি র‌্যাট স্নেক । চলতি বাংলায় দাঁড়াশ সাপ। নির্বিষ এই সাপটি মুম্বইয়ের আশেপাশের এলাকায় দেখতে পাওয়া যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement