ছবি: সংগৃহীত।
মদ খেলে যে বাহ্যজ্ঞান একেবারেই লোপ পায় এবং প্রাণের মায়াও তুচ্ছ করতে পিছপা হন না মদ্যপ ব্যক্তিরা তার প্রমাণ পাওয়া গেল একটি ভিডিয়োয়। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ১১,০০০ ভোল্টের একটি বিদ্যুৎ লাইনের উপর আরামে শুয়ে থাকতে দেখা গেল এক ব্যক্তিকে। জীবনের কোনও পরোয়া না করেই তাজা বাতাসের খোঁজে একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়েন ওই মদ্যপ ব্যক্তি। সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঘটনাটি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের। সেই ঘটনারই ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, এক ব্যক্তি একটি বৈদ্যুতিক খুঁটিতে চড়ে সরাসরি ১১,০০০ ভোল্টের একটি হাই-টেনশন লাইনে হাত রাখছেন। এর পর তাঁকে দুটি বিদ্যুতের তারের মাঝখানে শুয়ে থাকতে দেখা যায়। দু’টি তারের উপর আড়াআড়ি ভাবে শুয়ে আছেন তিনি। পা দু’টি এক দিকে ঝুলছে এবং হাত দু’টি মেলে তারের ওপর আরাম করে রাখা। সম্পূর্ণ নির্বিকার দেখাচ্ছে তাঁকে। কখনও কখনও মনে হচ্ছে তিনি তারে দোল খাচ্ছেন, আবার কখনও মনে হচ্ছে তিনি খোলা আকাশের নীচে আরামে ঘুমোচ্ছেন। পুরো ভিডিয়ো জুড়েই মদ্যপ ব্যক্তিকে এই অবস্থায় দেখা যায়। জানা গিয়েছে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় তাজা বাতাসের জন্য একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন। এর পর তিনি বেশ কয়েক ঘণ্টা ধরে একটি ১১,০০০-ভোল্টের লাইনের উপর শুয়ে থাকেন। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কর্মকর্তারা তাঁকে নীচে নেমে আসার জন্য ক্রমাগত অনুরোধ করতে থাকেন।
ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়ার পর সমাজমাধ্যম ব্যবহারকারীরা তাতে প্রচুর লাইক, কমেন্ট করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘বিশুদ্ধ বাতাস পেতে নয়, বরং মৃত্যুকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন মদ্যপ ব্যক্তি।’’ আরও এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘দেশি মদের শক্তি ১১,০০০ ভোল্টের চেয়েও বেশি বলে প্রমাণিত হল।’’ তৃতীয় নেটাগরিক ঠাট্টা করে লিখেছেন, ‘‘মাটিতে বাতাস না পেয়ে তিনি সোজা যমরাজের বারান্দায় গিয়ে ঘুমিয়ে পড়লেন।’’