Viral Video

সরকারি শিবিরে টিকা নিয়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল কিশোরী! মৃত্যু হাসপাতালে, সিসিটিভিতে ধরা পড়ল মর্মান্তিক দৃশ্য

২৪ জুন, সকালে নাসিক পুরসভা আয়োজিত একটি টিকাদান শিবিরে গিয়েছিল কিশোরী। সেখানে সে ডিপথেরিয়া ও টিটেনাসের টিকা নিয়েছিল। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তাকে টিকার বুস্টার ডোজ়টি দেওয়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৫:৫২
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

জিম করতে গিয়ে বা অনুষ্ঠানে নাচতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুর ঘটনার কথা এখন প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসে। সম্প্রতি মহারাষ্ট্রে এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে ভ্যাকসিন নিয়ে লুটিয়ে পড়ল এক কিশোরী! ১৭ বছরের ওই কিশোরীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ওষুধের দোকানের সামনে এসে দাঁড়ায় এক কিশোরী। কয়েক মুহূর্তের মধ্যেই সে টলতে টলতে মাটিতে লুটিয়ে পড়ে। সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, মৃত কিশোরী বুধবার, ২৪ জুন, সকালে নাসিক পুরসভা আয়োজিত একটি টিকাদান শিবিরে গিয়েছিল। সেখানে সে ডিপথেরিয়া ও টিটেনাসের টিকা নিয়েছিল। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তাকে টিকার বুস্টার ডোজ়টি দেওয়া হয়েছিল। এর কিছু ক্ষণ পরেই, সে মাথা ঘোরার কথা জানান এবং টিকাকেন্দ্রের কাছে একটি ওষুধের দোকানের পাশে অজ্ঞান হয়ে পড়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কিশোরী সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পড়ে যাওয়ার ফলে কিশোরীর মাথায়ও আঘাত লাগে। তাকে দ্রুত জেলার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃতার পরিবারের অভিযোগ, টিকার কারণেই মৃত্যু হয়েছে। এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই ক্যাম্পে একই ভ্যাকসিনের ভায়াল থেকে আরও ছ’জনকে টিকা দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে চার জন অন্তঃসত্ত্বা মহিলা। এ ছাড়াও আরও এক ১৬ বছর বয়সি কিশোরী এবং ১০ বছর বয়সি নাবালক ওই একই ভায়াল থেকে টিকা নিয়েছিল। তাদের মধ্যে কারওরই শরীরে কোনও বিরূপ প্রতিক্রিয়ার কথা জানা যায়নি বলে জানিয়েছেন টিকা শিবিরের আধিকারিকেরা। তবে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওই টিকার ওই নির্দিষ্ট ব্যাচটির ব্যবহার স্থগিত করা হয়েছে। নমুনাগুলি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, মৃত্যুর সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি। ভিডিয়োটি ‘ভাইরালবাবা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর এই আকস্মিক মৃত্যু দেখে শিউরে উঠেছেন অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement