uttar pradesh

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে ছিটকে পুকুরে পড়ে ডুবল গাড়ি! বরাতজোরে প্রাণরক্ষা চালকের, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

ডুবন্ত গাড়িতে আটকে পড়া চালককে উদ্ধার করতে স্থানীয় এক তরুণ পুকুরে নেমে পড়েন। গাড়ি থেকে চালককে বার করে জাপ্টে ধরে উদ্ধার করে নিয়ে আসা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১২:৫৭
Share:

ছবি: সংগৃহীত।

নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুকুরে পড়ে গেল একটি চার চাকার এসইউভি। ডুবন্ত গাড়ি থেকে অতি কষ্টে উদ্ধার হলেন চালক। বরাতজোরে প্রাণ রক্ষা হল ২৫ বছর বয়সি তরুণের। উত্তরপ্রদেশের পীলীভীতের ঘটনা। দ্রুতগামী মারুতি সুজ়ুকির এরটিগা রাস্তা থেকে ছিটকে সোজা পুকুরে গিয়ে পড়ে, কয়েক মিনিটের মধ্যেই সম্পূর্ণ ডুবে যায় গাড়িটি। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যদি‌ও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ডুবন্ত গাড়িতে আটকে পড়া চালককে উদ্ধার করতে স্থানীয় এক তরুণ পুকুরে নেমে পড়েন। গাড়ি থেকে চালককে বার করে জাপ্টে ধরে উদ্ধার করে নিয়ে আসা হয়। কয়েক মুহূর্ত দেরি হলেই চালকের সলিলসমাধি ঘটতে পারত বলে মনে করছেন স্থানীয়েরা। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, পুকুরে উপস্থিত এক মাঝি এবং অন্য এক জন পথচারী ডুবন্ত গাড়িটি দেখতে পেয়ে তক্ষুনি জলে ঝাঁপিয়ে পড়েন। অসাধারণ দ্রুততায় গাড়ির কাছে পৌঁছে যান ওই মাঝি। সম্পূর্ণ ডুবে থাকা গাড়ি থেকে শিবম নামের চালককে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকারীদের মধ্যে এক তরুণ দীনেশ কুশওয়াহা জানিয়েছেন, তিনি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় গাড়িটিকে ডুবতে দেখেন। কালক্ষেপ না করে তিনি ও নৌকার মাঝি জলে ঝাঁপিয়ে পড়েন। ভিডিয়োয় দেখা গিয়েছে চালককে উদ্ধার করার সময় গাড়িটি প্রায় পুরোটাই জলের নীচে ডুবে গিয়েছিল। শুধুমাত্র পিছনে অংশটুকু উঁচু হয়ে ছিল।

খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এবং দমকলবাহিনীর একটি দল ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধারকারীরা পরে পুকুর থেকে গাড়িটিকে উদ্ধার করেন। শিবমকে দ্রুত পীলীভীত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন চালকের অবস্থা গুরুতর হলেও আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। ইনস্টাগ্রামের ‘এমও.অফ.এভরিথিং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ঘটনার পর পুকুরের পাশে জাতীয় সড়কে নিরাপত্তা ত্রুটি নিয়ে সরব হয়েছেন স্থানীয়েরা। তাঁদের মতে, ওই এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যারিকেডের অভাব রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement