viral video

চার্জে বসিয়ে ফোন ঘাঁটছিল নাবালিকা, মুখের সামনে মোবাইল ফাটল সশব্দে, ধরে গেল আগুন! ভয়াবহ ভিডিয়ো প্রকাশ্যে

সোফায় বসে চার্জারে বসানো ফোন ঘাঁটছিল এক নাবালিকা। হঠাৎ সেটি প্রবল শব্দে ফেটে যায়। মুহূর্তে আগুন ধরে যায় ফোনটিতে। ভয়ে চিৎকার করে ওঠে ছোট্ট মেয়েটি। সেই দুর্ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১২:৪৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চার্জে বসিয়ে ফোন ঘাঁটছিল এক নাবালিকা। হঠাৎই বিস্ফোরণে আগুন ধরে গেল ফোনটিতে। হাতে থাকা অবস্থায় ফোনটি ফেটে গেলেও অল্পের জন্য রক্ষা পেল নাবালিকা। মোবাইল ফোনটি ফেটে যাওয়ায় ভয়ে সোফা থেকে নামতে গিয়ে পড়ে যায় মেয়েটি। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি গত ৯ মার্চের, চিনের একটি শহরের। সেই ভয়াবহ ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ফুটেজে দেখা গিয়েছে, ছোট্ট মেয়েটি সোফায় বসে ফোন নিয়ে নাড়াচাড়া করছিল। সেই সময় ফোনটি চার্জারে লাগানো ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি বিপজ্জনক দিকে মোড় নেয়। ফোনটি মুখের সামনে ধরতেই বিকট শব্দ করে সেটি বিস্ফোরিত হয়। অপ্রত্যাশিত বিস্ফোরণে নাবালিকা চমকে ওঠে। ফলে সে ভারসাম্য হারিয়ে সোফা থেকে পড়ে যায়। সৌভাগ্যবশত, নাবালিকার তেমন গুরুতর চোট বা আঘাত লাগেনি। দুর্ঘটনার পর কী করবে বুঝতে না পেরে নাবালিকা কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ভিডিয়ো দেখা যায় ক্ষতিগ্রস্ত মোবাইল ফোনটিতে তখনও বিস্ফোরণ হচ্ছে ও আগুনের শিখা বেরোচ্ছে।

ভিডিয়োটি ‘ডেডলি কলেশ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর সেটি দেখে প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই মোবাইল ফোনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘ভয়ঙ্কর ঘটনা। বিশেষ করে একটি শিশুর জন্য। আশা করি সে ভাল আছে।’’ তবে নেটমাধ্যম ব্যবহারকারীদের একাংশ এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করেছেন। এক নেটাগরিক এক্স হ্যান্ডলের ফ্যাক্ট চেকার গ্রোকের কাছে জানতে চেয়েছিলেন ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না। গ্রোক জানিয়েছে ভিডিয়োটি আসল। ৯ মার্চের সিসিটিভি ফুটেজের অংশ এটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement