Viral Video

গাছে চড়ার ব্যর্থ চেষ্টা! বিরক্ত হয়ে শেষমেশ নেমেই পড়ল কৌতূহলী সিংহশাবক, ভাইরাল ভিডিয়োয় মুগ্ধ নেটপাড়া

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কৌতূহলী সিংহশাবক বার বার গাছে ওঠার চেষ্টা করছে। কিছুটা উপরে উঠলেও মগডালে পৌঁছাতে ব্যর্থ হয়ে নীচে নেমে আসে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৭:২৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

কৌতূহলের বশে গাছে চড়ার চেষ্টা। কিন্তু কিছুতেই চড়তে পারল না মগডালে। বার বার ব্যর্থ হয়ে শেষমেশ গাছ থেকে নেমেই পড়ল ছোট্ট সিংহশাবক। গুজরাতের গির জাতীয় উদ্যানে ওই সিংহশাবকের গাছে ওঠার চেষ্টার মনোরম ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মুগ্ধ করেছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

গুজরাত রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পরিমল নাথওয়ানি এক্স-এ ভিডিয়োটি শেয়ার করেছেন এবং মুহূর্তটিকে প্রকৃতির এক স্নিগ্ধ ও চমৎকার দৃশ্য হিসাবে বর্ণনা করেছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কৌতূহলী সিংহশাবক বার বার গাছে ওঠার চেষ্টা করছে। শাবকটি কিছুটা উপরে উঠলেও শেষ পর্যন্ত মগডালে পৌঁছোতে ব্যর্থ হয়ে নীচে নেমে আসে। পোস্টের ক্যাপশনে নাথওয়ানি লিখেছেন, ‘‘গিরের সব গল্পই যে গর্জনমুখর হবে, তা নয়। কিছু গল্প গড়ে ওঠে এখানকার সবচেয়ে কনিষ্ঠ বাসিন্দাদের চঞ্চল এবং কৌতূহলী কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তেমনই এক কৌতূহলী, উদ্যমী এবং সাহসী সিংহশাবক অসাধারণ দৃঢ়তার সঙ্গে একটি গাছে ওঠার চ্যালেঞ্জ গ্রহণ করে। এই মনোরম মুহূর্তটি আমাদের মনে করিয়ে দেয় যে, প্রকৃতির সবচেয়ে অবিস্মরণীয় বিস্ময়গুলো প্রায়শই অতি সাধারণ ও স্নিগ্ধ আচরণের মাধ্যমেই ধরা দেয়।’’

ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। উল্লেখ্য, এশীয় সিংহের বিশ্বের সর্বশেষ বন্য আবাসস্থল হিসেবে পরিচিত গির দীর্ঘকাল ধরেই ভারতে সফল বন্যপ্রাণী সংরক্ষণের প্রতীক হয়ে রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement