ছবি: পিটিআই।
ইনস্টাগ্রামের শিক্ষাই বাঁচাল জীবন। বৃন্দাবনের মর্মান্তিক দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারালেও অদ্ভুত ভাবে বেঁচে গিয়েছেন এক বৃদ্ধা। জীবন ফিরে পেয়ে তাঁর দাবি, ইনস্টাগ্রামের রিল থেকে শেখা একটি কায়দাতেই তিনি জলে ভেসে থাকতে পেরেছিলেন। বৃদ্ধার এ-হেন দাবি সংবলিত একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হতেই ভাইরাল হয়েছে। তাঁর বেঁচে যাওয়ার গল্প দৃষ্টি আকর্ষণ করছে নেটাগরিকদের। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় বৃদ্ধা পঞ্জাবি ভাষায় তাঁর অভিজ্ঞতা বর্ণনা করছিলেন। সে দিনের সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, অনলাইনে দেখা একটি সহজ পরামর্শ সঙ্কটকালে শান্ত থাকতে ও জলে ভেসে থাকতে সহায়তা করেছিল। সে দিন কী ঘটেছিল তা জানাতে গিয়ে বৃদ্ধা জানান, নৌকাটি হঠাৎ উল্টে যেতেই যাত্রীরা জলে ছিটকে পড়েন। তিনি সাঁতার জানতেন না। ভেসে থাকতে বাধ্য হয়ে একটি ভিডিয়োয় দেখা পরামর্শের উপর সেই মুহূর্তে নির্ভর করেছিলেন তিনি। আর সেই উপস্থিতবুদ্ধির জোরে প্রাণে বেঁচে যান বৃদ্ধা। জলের নীচে দম ধরে রাখা, মুখ বন্ধ রাখা, শরীর সোজা রাখা এবং ক্রমাগত পা নাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল সেই ভিডিয়োয়। বৃদ্ধার দাবি, তিনি প্রতিটি উপদেশই সঙ্কটকালে মেনেছিলেন।
বৃদ্ধা বলেন, “আমি এক বার একটি ছোট ভিডিয়ো দেখেছিলাম। সেখানে এমন দুর্ঘটনা ঘটলে কী করতে হবে তা ব্যাখ্যা করা হয়েছিল। আমি সেই পদক্ষেপগুলি অনুসরণ করে জলের উপরে ভেসে থাকতে পেরেছিলাম।” তিনি আরও জানান যে, বিশৃঙ্খলার সময় তাঁর মাথায় একাধিক বার আঘাত লেগেছিল। এত আঘাত সত্ত্বেও তিনি আতঙ্কিত হননি বা জল খেয়ে ফেলেননি। মাথা ঠান্ডা রেখে ওই অবস্থায় নিজেকে ভাসিয়ে রেখেছিলেন তিনি। ভিডিয়োটি ‘নিখিল সাইনি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা বহু মানুষের নজর কেড়েছে। সমাজমাধ্যমে রিল দেখা যে শুধু সময় নষ্ট করা নয়, তা নিয়েও বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।