Viral Video

পরীক্ষা দিতে গিয়ে বিপদ, চাঙড় ভেঙে নর্দমায় পড়লেন পরীক্ষার্থীরা! ভিডিয়ো দেখে শিউরে উঠল নেটপাড়া

সম্প্রতি পরীক্ষা দিতে গিয়ে একটি ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন একদল বিএড পরীক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রের বাইরে একটি নর্দমার ঢাকনা ধসে পড়ায় অন্তত ১৫ থেকে ২০ জন পরীক্ষার্থী নর্দমায় পড়ে যান। ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ০৮:০০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পরীক্ষা মানেই চিন্তা। যত ভাল পড়াশোনাতেই হোন না কেন, প্রায় সকলেরই কমবেশি ভাবনা থাকেই। আর পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগেই যদি বিপদে পড়তে হয়? তবে তো দুর্দশার অন্ত থাকে না। এমনই একটি ঘটনা সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Advertisement

সমাজমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) ‘পীযূষ রাই’ নামক হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার কিছুটা অংশ ভেঙে পড়েছে। আর সেই ভেঙে পড়া গর্ত থেকে উঠে আসছেন একদল ছেলেমেয়ে। ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের। একটি পরীক্ষাকেন্দ্রের বাইরে একটি নর্দমার ঢাকনা ধসে পড়ার পর বিএড প্রবেশিকা পরীক্ষা দিতে গিয়ে অন্তত ১৫ থেকে ২০ জন পরীক্ষার্থী নর্দমায় পড়ে যান। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

খুব স্বাভাবিক ভাবেই এই ঘটনায় পরীক্ষার্থীরা বেশ বিচলিত হয়ে পড়েন। তবে, সংবাদমাধ্যম সূত্রে খবর, কেউই গুরুতর আহত হননি। এই বিপত্তি সত্ত্বেও, তাঁদের মধ্যে অনেকেই বাড়ি না ফিরে পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় তাঁদের মানসিক দৃঢ়তা দেখে নেটপাড়ার সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

Advertisement

ঘটনাটি ছড়িয়ে পড়ায় রাস্তাঘাটের অব্যবস্থা নিয়েও প্রতিবাদে মুখর হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। অনেকেই ঘটনাটি শেয়ার করেছেন। অজস্র মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। এক নেটাগরিক পরীক্ষার্থীদের উদ্দেশে সহানুভূতি জানিয়ে লিখেছেন, “কোনও দুর্ঘটনা না ঘটলেও পরীক্ষার দিন দুশ্চিন্তা চলতেই থাকে। এই রকম ঘটনার পরে পরীক্ষা দেওয়া সত্যিই চাপের।” কেউ কেউ আবার পরীক্ষকদের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement