Viral Video

দায়িত্ব পেয়ে প্রাক্তন সেনাকর্তা বাবাকে স্যালুট দেশের নবনিযুক্ত সেনাপ্রধানের, পেলেন পাল্টা সম্মানও, ভাইরাল ভিডিয়ো

ভারতের ৩১তম সেনাপ্রধান হলেন জেনারেল ধীরজ শেঠ। গার্ড অফ অনার গ্রহণ করার পর তিনি তাঁর বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেএম শেঠকে স্যালুট করেন। অনুষ্ঠানের ভিডিয়োয় ধীরজের ভাই তথা রিয়ার অ্যাডমিরাল রবনীশকেও স্যালুট করতে দেখা গিয়েছে তাঁর বাবাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৫:১১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দেশের সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পাওয়ার পরেই বাবা তথা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেএম শেঠকে স্যালুট করে সম্মান জানালেন ভারতের নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। ভারতের ৩১তম সেনাপ্রধান হয়েছেন ধীরজ। বুধবার ‘গার্ড অফ অনার’ গ্রহণ করার পর সেনার ঐতিহ্যবাহী স্যালুট করে বাবাকে সম্মান জানান তিনি। সঙ্গ দেন তাঁর অনুজ তথা রিয়ার অ্যাডমিরাল রবনীশ শেঠ। দুই পুত্রের স্যালুট পেয়ে বাবাও ফিরে স্যালুট করেন তাঁদের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসিমুখে করমর্দন করার পরে বাবাকে প্রণাম করেন ধীরজ। স্যালুট জানান। পাশে থাকা আরও কয়েক জনকেও প্রণাম করেন তিনি। আশপাশের সকলে হাততালি দিয়ে ওঠেন। ধীরজের ছোট ভাই রিয়ার অ্যাডমিরাল রবনীশকেও তাঁকে স্যালুট করতে দেখা গিয়েছে ভিডিয়োয়। তাঁরাও করমর্দন করেন। সংবাদসংস্থা এএনআই-এর এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

আবেগঘন এই মুহূর্তটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত হয়েছেন নেটাগরিকেরাও। ১৫ হাজারের বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। অনেকে শেয়ারও করেছেন। অজস্র মন্তব্য জমা পড়েছে। একটি পরিবারের এমন একনিষ্ঠ দেশসেবাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন সকলেই। ভারতের নবনিযুক্ত সেনাপ্রধানকে অকুণ্ঠ শুভেচ্ছা জানানো হয়েছে। আবার কেউ কেউ লিখেছেন, এই দৃশ্য দেখে চোখ জলে ভরে গিয়েছে তাঁর।

Advertisement

সেনাপ্রধান ধীরজের বাবা তথা লেফটেন্যান্ট জেনারেল কেএম শেঠ ১৯৯৭ সালে ভারতীয় সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল হিসাবে অবসর গ্রহণ করেন। সেই সময় ক্যাপ্টেন পদে ছিলেন ধীরজ। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর অবসর নেওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হলেন ধীরাজ। ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ)-র প্রাক্তনী সেনাপ্রধান শেঠ আর্মার্ড কোরের সদস্য, যা সেনাবাহিনীর ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া যুদ্ধযান পরিচালনা করে। ১৯৯৭ সালে অবসরপ্রাপ্ত জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পর, প্রায় তিন দশকে তিনিই প্রথম আর্মার্ড কোরের কর্মকর্তা যিনি সেনাপ্রধান হলেন।

দায়িত্বগ্রহণের পর জেনারেল শেঠ বলেন, “ভারতীয় সেনাবাহিনীর ৩১তম সেনাপ্রধান দায়িত্ব গ্রহণ করা আমার কাছে গর্বের বিষয়। ‘কর্তব্য, সম্মান ও দেশ সর্বাগ্রে’— এই আদর্শের প্রতি অবিচল অঙ্গীকার নিয়ে আমি এই দায়িত্ব গ্রহণ করছি।” তিনি আরও বলেন, “আমার উপর আস্থা রাখার জন্য এবং ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার সম্মান এবং দায়িত্ব অর্পণ করার জন্য আমি প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।” সেই সঙ্গে শহিদ সৈন্যদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement